চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেই ক্র্যাশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, চরম ভোগান্তিতে রাজ্যবাসী
সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক: আজ, শনিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের দিনেই চরম বিপাকে পড়লেন পশ্চিমবঙ্গের সাধারণ ভোটাররা। দুপুরে আনুষ্ঠানিকভাবে অনলাইনে তালিকা প্রকাশের কথা থাকলেও, বেলা ১টা বাজতেই আচমকা ক্র্যাশ করে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। একই হাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেরও। শুধু তাই নয়, কমিশনের নিজস্ব অ্যাপ 'ইসিআইনেট' (ECINET)-এ এপিক (EPIC) নম্বর দিয়ে নাম খুঁজতে গিয়েও ক্রমাগত ‘বাফারিং’ সমস্যার মুখে পড়ছেন আমজনতা।
প্রায় ৪ মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ার পর আজ ‘অসমাপ্ত’ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। সেই মতো দুপুর থেকে নিজেদের নাম যাচাই করতে ভোটাররা কমিশনের ওয়েবসাইটগুলিতে ভিড় জমাতে শুরু করেন। কিন্তু voters.eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in ওয়েবসাইট দু'টিতে ঢুকতে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে সার্ভার ডাউন থাকার মেসেজ। ব্যবহারকারীদের স্ক্রিনে লেখা দেখাচ্ছে, "An error occurred while processing your request" এবং এর নিচে একটি রেফারেন্স নম্বর (Reference #102.4c210f17.1772268468.701907b) প্রদর্শন করছে। কমিশন আগেই জানিয়েছিল যে তাদের অ্যাপেও নাম দেখা যাবে, কিন্তু সেখানেও এপিক নম্বর দিলে কেবল চাকা ঘুরছে। ফলত, অনলাইনে নিজেদের নাম খুঁজতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা।
অনলাইনের এই বিপর্যয়ের মাঝেই অফলাইনে অর্থাৎ বিভিন্ন বুথ ও জেলাশাসকের অফিসে ধাপে ধাপে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলছে। ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ল, সেদিকেই এখন নজর সকলের। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায় এসআইআর তালিকা ইতিমধ্যেই জেলাশাসকদের দপ্তরে পৌঁছে গিয়েছে এবং বুথে বুথে তা ঝোলানোর কাজ শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। উল্লেখ্য, এই এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। এর আগে খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর, নতুন তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষে। আজ যে 'অসমাপ্ত' তালিকা প্রকাশিত হচ্ছে, তাতেও এই ভোটারদের নাম থাকছে।
যাঁদের তথ্য এখনও পুরোপুরি যাচাই করা সম্পন্ন হয়নি, চূড়ান্ত তালিকায় তাঁদের নামের পাশে আপাতত 'বিচারাধীন' বা পেন্ডিং লেখা থাকছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই যাচাই পর্ব পুরোপুরি মিটে গেলে পরবর্তীতে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকা প্রকাশ করা হবে। তবে সব মিলিয়ে ওয়েবসাইটের এই প্রযুক্তিগত ত্রুটির কারণে নিজেদের ভোটার স্ট্যাটাস জানতে না পেরে আজ সকাল থেকেই চরম ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সাধারণ মানুষ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।।
ইমেইল: editor@sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ