Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজেটে ভাতা বৃদ্ধিতে সন্তুষ্ট নন! স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশি বাধার অভিযোগ

‌১১ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশি বাধার অভিযোগ

Asha Workers


১১ দফা দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল আশা কর্মীদের মধ্যে। রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা এদিন স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে ডেপুটেশন জমা দিতে গেলে তাঁদের পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে।

আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানান, নিজেদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনে আসতেই পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে তাঁদের আটকে দেয়। তিনি অভিযোগ করেন, আন্দোলনে অংশগ্রহণ করলেই আশা কর্মীদের বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনকি তাঁদের বাড়িতেও পুলিশ যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বাজেট ঘোষনায় আশা কর্মীদের ভাতা হাজার টাকা বৃদ্ধি করা হলেও তাতে সন্তুষ্ট নন কর্মীরা। তাঁদের দাবি, এই সামান্য ভাতা বৃদ্ধি সমস্যার সমাধান নয়। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের যে দাবি রয়েছে, তা পূরণ করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, ডেপুটেশন কর্মসূচির বিষয়ে আগেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। তবুও কেন তাঁদের আটকে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আশা কর্মীদের একাংশ জানান, ‘হাজার টাকা ভাতা দিয়ে আমাদের ভিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা ভোট বাক্সেই তার জবাব দেব।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আন্দোলনকারীরা রাস্তার উপর বসে পড়েন এবং বিক্ষোভ চালিয়ে যান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code