'পেলে শিক্ষা নিলে যত্ন, মেয়েরাও হবে কন্যারত্ন', নিজের খরচে দেওয়াল লিখনে সমাজকে বার্তা জলপাইগুড়ির শিল্পীর
অমিত বনিক, সংবাদ একলব্য: "পেলে শিক্ষা নিলে যত্ন, মেয়েরাও হবে কন্যারত্ন"— এমনই এক দেওয়াল লিখনের মধ্য দিয়ে সমাজকে এক মানবিক বার্তা দিলেন পেশায় রং-তুলি শিল্পী সুজিত বিশ্বাস। সমাজে কন্যা সন্তানের প্রতি অবহেলা দূর করতে এবং তাদের শিক্ষার প্রতি সচেতনতা বাড়াতে সম্পূর্ণ নিজের উদ্যোগে ও নিজের অর্থ ব্যয়ে তিনি এই দেওয়াল চিত্র এঁকেছেন। তাঁর এই মহৎ ও মানবিক উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের মানুষেরা।
ভিডিও বার্তায় শিল্পী সুজিত বিশ্বাস জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, "সমাজে অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্যা সন্তান জন্ম নিলে তাকে অবহেলা করা হয়। মানুষের মন থেকে এই অবহেলার প্রবৃত্তি দূর করে সচেতনতা বৃদ্ধি করাই আমার মূল উদ্দেশ্য"।
বর্তমান যুগে মেয়েরা যে কোনো অংশেই পিছিয়ে নেই, সে কথাও তাঁর বক্তব্যে জোরালোভাবে উঠে এসেছে। সুজিতবাবু বলেন, "মেয়েরা আজ যুদ্ধ বিমান চালাচ্ছে, রেল চালাচ্ছে, সব ক্ষেত্রেই তারা এগিয়ে আছে"। তা সত্ত্বেও খবরের কাগজ বা টিভি খুললেই সমাজের বিভিন্ন স্তরে এখনও মেয়েদের প্রতি যে বঞ্চনা ও অবহেলার চিত্র দেখা যায়, তা দূর করতেই তাঁর এই শিল্পকর্মের প্রয়াস।
শিল্পী জানান, কচুয়া বোয়ালমারী হাসপাতাল পাড়া এলাকায় তাঁর ভাই গণেশকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিজের খরচে মাত্র একদিনের পরিশ্রমে এই সুন্দর দেওয়াল চিত্রটি তিনি তৈরি করেছেন। আগামী দিনে সমগ্র জলপাইগুড়ি জেলা জুড়েই আরও বিভিন্ন সামাজিক বার্তা তিনি তাঁর এই শিল্পের মাধ্যমে তুলে ধরবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই শিল্পী।
তাঁর এই দেওয়াল চিত্র একদিকে যেমন শিল্পের এক অনন্য নিদর্শন, তেমনই অন্যদিকে কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং নারী শিক্ষার প্রসারে সমাজের বুকে এক গভীর চিন্তার খোরাক জোগাচ্ছে।
সাংবাদিক-অমিত বনিক
জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊