স্কুল শিক্ষকদের বিরুদ্ধে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতার অভিযোগ, এডিআই অফিসের সামনে বিক্ষোভ
বনগাঁ: সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করার অভিযোগ তুলে এডিআই (অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর) অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন একদল গৃহশিক্ষক। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে একাধিক সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অর্থের বিনিময়ে কোচিং ও গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে এই প্রথা বন্ধ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিক্ষোভকারীরা প্রথমে বাগদা বিধানসভার গাড়াপোতায় এসআই (স্কুল ইন্সপেক্টর) অফিসের সামনে অবস্থান করেন। পরে বনগাঁ এডিআই অফিসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বহু গৃহশিক্ষক এদিনের বিক্ষোভে অংশ নেন। এডিআই দফতরে অভিযুক্ত শিক্ষকদের একটি নামের তালিকাও জমা দেওয়া হয়েছে বলে জানান তাঁরা।
অভিযোগকারীদের বক্তব্য, বনগাঁ ও বাগদা বিধানসভার একাধিক সরকারি স্কুলের শিক্ষক নিয়মিতভাবে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করছেন। এতে সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কিছু ক্ষেত্রে স্কুলে ঠিকমতো পাঠদান না করে ব্যক্তিগত কোচিংয়ে জোর দেওয়া হচ্ছে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্র আগাম জানিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বা শিক্ষা দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊