মুখে অক্সিজেন মাস্ক পরে সাইকেলে পরিবেশ রক্ষার বার্তা, উত্তরবঙ্গে গাছ লাগানোর ডাক বাবলু বর্মনের
শিলিগুড়ি: উষ্ণায়নের প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। গাছপালার সংখ্যা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষ ও প্রকৃতির উপর। এই পরিস্থিতিতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন হলদিবাড়ির বাসিন্দা বাবলু বর্মন।
মুখে অক্সিজেন মাস্ক পরে সাইকেল চালিয়ে “গাছ লাগান, প্রাণ বাঁচান”—এই বার্তা নিয়ে বিগত কয়েক বছর ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। বর্তমানে তিনি শিলিগুড়ির রানিডাঙ্গা এলাকায় অবস্থান করছেন এবং সেখান থেকেও পরিবেশ বান্ধব প্রচার অব্যাহত রেখেছেন।
বাবলু বর্মনের দাবি, বনাঞ্চলে গাছপালার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে অনেক সময় মানুষের উপর আক্রমণের ঘটনাও ঘটছে। তাঁর মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবিলম্বে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও জানান, বিগত কয়েক বছর ধরে তিনি উত্তরবঙ্গ জুড়ে কোচবিহারের বিভিন্ন এলাকা, আলিপুরদুয়ার সহ আরও একাধিক জেলায় ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। সাধারণ মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বাবলু বর্মনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের প্রচার আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ