Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC GROUP C AND D: শিক্ষাকর্মী নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! বেঁধে দিল না সময়!

WBSSC GROUP C AND D: শিক্ষাকর্মী নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! বেঁধে দিল না সময়!

Supreme Court


স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ সম্পন্ন করার আবেদন সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ এই মামলাটি দায়ের করেছিলেন, যাতে শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি ও ডি নিয়োগেও সময়সীমা নির্ধারণ করা হয়।


মামলাকারী শিক্ষাকর্মীদের দাবি ছিল, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়সীমা না থাকলে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে।


বেঞ্চ জানায়, এই বিষয়ে মূল মামলার রায় আগেই ঘোষণা হয়েছে। তবুও কেন একই বিষয় নিয়ে বারবার আদালতে আবেদন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে বিচারপতিরা। আদালত বলেন, “কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করেছি। একই বিষয়ে পুনরায় মামলা করা যাবে না।”


আবেদনকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। ফলে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জবাবে সুপ্রিম কোর্ট জানায়, “যখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, তখন নতুন বিষয়ে মামলা করা যেতে পারে। তবে বর্তমান আবেদনের শুনানি হবে না।” আদালত আরও বলে, “এই বিষয়ে আগে হাই কোর্টে যান, এখানে অতিরিক্ত আবেদন গ্রহণযোগ্য নয়।”


উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হয়ে গিয়েছে। গত এপ্রিল মাসে আদালত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ নন, তাঁরা আপাতত স্কুলে যেতে পারবেন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শিক্ষক নিয়োগে সময়সীমা নির্ধারিত হওয়ার পর, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশও একই ধরনের নির্দেশের জন্য আবেদন করেছিলেন। তবে সোমবার সুপ্রিম কোর্ট তাঁদের আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code