এবার বিদ্যালয়ের আশেপাশে ঘুরে বেড়ানো পথকুকুরদের জন্য বরাদ্দ সরকারি খাবার
এবার থেকে 'পিএম পোষণ' এর খাবার পথকুকুরদেরও দিতে হবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আর এর দায়িত্বে থাকবে বিদ্যালয়গুলি। যদিও নির্দেশিকা জারি হতেই শুরু হয়েছে সমালোচনা।
সমগ্র শিক্ষা মিশনের পক্ষথেকে নির্দেশিকা জারি করে জেলা শিক্ষা আধিকারিকদের জানানো হয়েছে, শিশুদের উপর কুকুরের আক্রমণ প্রতিরোধ এবং পশু কল্যাণ প্রচারের জন্য বিকেলের নির্দিষ্ট সময়ে স্কুল ক্যাম্পাসের বাইরে কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করতে।
এই কাজের জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে, বিশেষ করে MDM-SHG কর্মীদের কাছ থেকে, খাওয়ানোর দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। একইসাথে বিচ্ছিন্ন কুকুরদের জীবাণুমুক্তকরণ এবং টিকাকরণের জন্য জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
হঠাৎ এমন উদ্যোগের সাথে বিদ্যালয়গুলিকে যুক্ত করবার উদ্যোগের পেছনে শিক্ষার্থীদের তাদের আশেপাশের প্রাণীদের যত্ন নেওয়ার গুরুত্ব শেখানোর উদ্দেশ্য রয়েছে বলেও জানানো হয়েছে।
তবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "এ দায়িত্ব বিদ্যালয়ের উপর চাপানো হচ্ছে কেন? সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে তা করুক। কুকুরকে স্কুলে ডেকে এনে খাওয়ানো, তার ভ্যাক্সিনেশন ইত্যাদি দায়িত্ব সামলাবে কারা? স্কুলে কোন দিন কটা কুকুর আসবে? তার জন্য কতটা আর্থিক বরাদ্দ হবে এইসব দায়িত্ব বিদ্যালয় অথবা শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার সম্পূর্ণ বিরুদ্ধে আমরা। পশুপাখিদের রক্ষা করার জন্য নিশ্চয়ই দায়িত্ব পালন করতে হবে কিন্তু তা এভাবে বিদ্যালয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে নয়। সামাজিক কর্মসূচির মাধ্যমে সরকার আলাদাভাবে তা গ্রহণ করুক।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ