দিনহাটা শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু-কিশোর উৎসব
মাননীয়া মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে রাজ্য শিশু-কিশোর উৎসব কলকাতা কেন্দ্রিক না রেখে তা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত বছর চন্দননগরে অনুষ্ঠিত হয় পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব।
শিশু কিশোর একাডেমির লক্ষ্য কেবল জেলা পর্যায়েই নয়, বরং বাংলার গ্রামীণ অঞ্চলেও শিক্ষার্থীদের কাছে পৌঁছানো। আর এই লক্ষ্যে এবার কোচবিহারের দিনহাটা শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু-কিশোর উৎসব ।
আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দিনহাটা শহরে অনুষ্ঠিত হবে ষষ্ঠদশ রাজ্য শিশু-কিশোর উৎসব ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 'আগামী ২৪-২৮ ডিসেম্বর ২০২৫,রাজ্য শিশু কিশোর একাডেমির উদ্যোগে দিনহাটায় অনুষ্ঠিত হবে,রাজ্য শিশু কিশোর উৎসব। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য, আজ দিনহাটায় এসেছিলেন রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন বিশিষ্ট নাট্য শিল্পী শ্রীমতী অর্পিতা ঘোষ।'
এই উৎসবের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর ১টায় দিনহাটা শহরের কমল গুহ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্য শিশু-কিশোর উৎসব কমিটির চেয়ারপার্সন অর্পিতা ঘোষ, জেলা তথ্য ও সাংস্কৃতিক কর্মকর্তা অঙ্গীরা দত্ত, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ দিনহাটা আর্টিস্ট ফোরামের সদস্যরা।
সভা শেষে উৎসবের সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করেন অতিথিরা। এর মধ্যে রয়েছে দিনহাটা সংহতি ময়দান, শহীদ হেমন্ত বসু কর্নার ও দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন। আশা করা হচ্ছে, এই তিনটি স্থানেই উৎসবের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।
এই প্রথম দিনহাটায় এমন একটি বৃহৎ পরিসরের রাজ্যীয় উৎসব আয়োজিত হতে যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ