Mamata Banerjee: 'আপনি বরবাদ করার জন্য বসে আছেন,' বাংলার শিক্ষা নিয়ে সমালোচনায় মোদিকে পাল্টা মমতার
আজ আলিপুরদুয়ারে সভা করতে এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন নরেন্দ্র মোদী। বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবথেকে বড় ভ্রষ্টাচারী তো আপনার সরকার। আপনি SSC নিয়ে কথা বলছেন? এটা কে করেছে? কোর্টে কেস সিপিএম এবং বিজেপি করেছে। ব্যাপম কেলেঙ্কারিতে কী হয়েছিল? বিজেপির সরকার ছিল। ফল কী হয়েছিল? ত্রিপুরায় ১০ হাজার শিক্ষককে সরিয়ে দিলেন। উত্তর প্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। আমরা মানবিক। কোনও না কোনও রাস্তা ঠিক বের করব। আবার কোর্টের নির্দেশও মানব। পর্দার পিছনে কে আছে, এর রিপ্লাই কে দেবে? কোর্টকে নিরপেক্ষভাবে চলতে দিন। আপনি তো কোর্টকে নির্দেশ দেন। সেটা আপনার কথাতেই প্রমাণ হয়ে যায়।''
তৃণমূল সরকার শাসনকালে হাজার হাজার শিক্ষকের ভবিষ্য়ত নষ্ট করে দিয়েছে। ওঁদের পরিবার, সন্তানদের শেষ করে দিয়েছে। তৃণমূল বাংলার ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের জীবন নিয়ে খেলার বিষয় নয়, রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিচ্ছে। এভাবেই এদিনের সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করেন নরেন্দ্র মোদী। আর তারপরেই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর উল্লিখিত পাঁচটি ‘সঙ্কট’ প্রসঙ্গে পাল্টা জবাব দেয় তৃণমূলও। এসএসসি দুর্নীতির প্রসঙ্গে সর্বভারতীয় স্তরের নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিট পরীক্ষায় দুর্নীতি, ৪৫ শতাংশ বেকারত্বের হার— ইত্যাদি নানা উদাহরণ তুলে মোদী সরকারকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ বাংলাকে বঞ্চিত করা নিয়েও প্রশ্ন তোলে তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ