উচ্চ প্রাথমিকে ধাক্কা খেল রাজ্য! সিঙ্গল বেঞ্চের 'স্থগিতাদেশ' রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় আপাতত হস্তক্ষেপ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের রায়ের শুনানি ছিল। সেই শুনানিতে সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ ওই শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশের রায় দিয়েছিল, মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই রায়ই আপাতত বহাল রাখল।
বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগপ্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী ১৮ জুন ওই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।
গত ৭ই মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বরে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাই কোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে গত ৭ মে আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহালই রাখল। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ