ক্ষৌরকার সম্প্রদায়ের উন্নয়নের দাবিতে স্মারকলিপি পেশ দিনহাটা-২ ব্লকে
দিনহাটা, ২৬ মে: ক্ষৌরকার (বার্বার) সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দাবিতে কোচবিহার জেলা বার্বার অ্যাসোসিয়েশনের দিনহাটা-২ শাখার পক্ষ থেকে সাহেবগঞ্জ ব্লক অফিসে বিডিও-র নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
স্মারকলিপিতে জানানো হয়েছে, দিনহাটা-২ ব্লকের প্রায় ২০টি গ্রামের ৪০-৪৫ জন বার্বার সম্প্রদায়ের মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছেন। সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়ে, অন্নপ্রাশন, মুন্ডনে চুল কাটার কাজে যুক্ত থাকা সত্ত্বেও তারা এখনও সমাজে পিছিয়ে রয়েছেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলি হল: বার্বার সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন। ৪০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য মাসিক ভাতা চালু। অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সুরক্ষার ব্যবস্থা করা। সরকারি আবাসন ও রেশন কার্ড সুবিধার অন্তর্ভুক্তি করন। পেশাগত উন্নয়নের লক্ষ্যে সেলুন আধুনিকীকরণ প্রকল্প চালু করা। সময়োপযোগী সরকারি আর্থিক বরাদ্দ চালু সহ একাধিক দাবী।
সংগঠনের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন অনগ্রসর সম্প্রদায়ের জন্য উন্নয়ন বোর্ড গঠন করলেও বার্বার সম্প্রদায় এখনও কোনও নির্দিষ্ট পর্ষদের আওতায় আসেনি। ফলে তাদের উন্নয়নের পথ এখনও অনিশ্চিত।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন দিনহাটা-২ নং ব্লকের ক্ষৌরকার ও নরসুন্দর সম্প্রদায় সমিতির নেতৃবৃন্দ—চরণচন্দ্র সরকার, মিন্টু শীল, চঞ্চল সরকার, শ্যামাপদ শীল, গৌতম শীল প্রমুখ। প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণের লিখিত স্বীকৃতিও প্রদান করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ