ওয়াকফ আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, বৃহস্পতিবার ফের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় পাস হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। আর তারপরেই দেশের বিভিন্ন প্রান্তে এই আইন নিয়ে বিরোধীতা শুরু হয়েছে। দেশের শীর্ষ আদালতে হয়েছে মামলা। সেই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতিদের।
নতুন সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনছে। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন।
শুনানির পর এদিন ওয়াকফ সংশোধিত আইন নিয়ে অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবার শুনানি। তবে দিলেন অন্তর্বর্তী রায়। এদিন কেন্দ্রকে আদালতের প্রশ্ন ‘‘এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে?’’ প্রধান বিচারপতি বলেন, ‘‘কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা নয়, তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক।’’ বিচারপতি কুমার বলেন, ‘‘তিরুপতি বোর্ডে কি হিন্দু নন, এমন কেউ রয়েছেন?’’ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, হিন্দুদের ধর্মীয় সম্পত্তির দায়িত্বে অন্য কোনও ধর্মের কেউ থাকেন না।
আদালত অন্তর্বর্তী রায়,
আদালতে কোনও সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কোনও মতেই সেটিতে রদবদল ঘটানো যাবে না। সেই সম্পত্তি কোনও ব্যক্তি ওয়াকফ হিসেবে দান করে থাকুন বা ওয়াকফ চুক্তি হয়ে থাকুক, সব ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য।
কোনও সম্পত্তি ওয়াকফ না কি সরকারি সম্পত্তি, জেলাশাসকের নির্দেশে তদন্ত চলাকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ বলে গন্য করা হবে না বলে উল্লেখ রয়েছে আইনে। কিন্তু এখনই সেই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছে আদালত।
ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্যকে মুসলিম হতে হবে। একমাত্র ব্যতিক্রম সরকারি আধিকারিক অথবা কোনও পক্ষের প্রতিনিধি হওয়ার দরুণ যাঁরা আপনাআপনিই বোর্ডের সদস্যপদ পান, তাঁদের ক্ষেত্রে ধর্মপরিচয় বাধ্যতামূলক নয়।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় অশান্তির অভিযোগ উঠেছে। শুনানি শেষে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘‘যে হিংসা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক। এ রকম হওয়া উচিত নয়।’’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ