কোচবিহার রাসমেলা বাংলার শতাব্দী প্রাচীন মেলাগুলির অন্যতম (Cooch Behar Ras Mela history)। এই মেলা উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের সব থেকে বড় মেলা। এই মেলার জন্য কোচবিহারবাসী অন্তর থেকে গর্ব অনুভব করেন, অপেক্ষা করেন বছরভর। কোচবিহারের প্রধান উৎসব—এই রাসমেলা (North Bengal Heritage Festival)।
মদনমোহন বিগ্রহের প্রতিষ্ঠা ও শঙ্করপন্থী ঐতিহ্য
কোচবিহারের দ্বিতীয় মহারাজা ও কামরূপের দ্বিতীয় বিক্রমাদিত্য নরনারায়ণ (রাজত্বকাল: ১৫৫৪ - ১৫৮৮ খ্রিস্টাব্দ) অসমের বৈষ্ণবধর্ম গুরু শ্রীমন্ত শঙ্করদেবের নির্দেশে সোনার বংশীধারী তৈরি করে মাঘ মাসের উত্তরায়ণ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে পণ্ডিত অনন্ত কন্দলিকে দিয়ে মূর্তি প্রতিষ্ঠা সম্পন্ন করেন।
এই বিগ্রহের নাম হয় "বংশীধারী" বা "লক্ষ্মীনারায়ণ" বা "শ্রীশ্রী মদনমোহন"। শঙ্করপন্থী বৈষ্ণবদের মতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা পূজিতা হন না, এখানে একক ত্রিভঙ্গমুরারী নিত্যপূজিত হন। কালের প্রভাবে কোচবিহারবাসীরা সব নাম ভুলে গিয়ে মদনমোহনের নামেই অর্ঘ্য দিয়ে থাকেন।
১৮১২ সালে ভেটাগুড়িতে রাসমেলার সূচনা
পরবর্তীতে কোচবিহারের মহারাজ হরেন্দ্রনারায়ণ ভূপ (Maharaja Harendra Narayan) রাজধানী বেহারে (কোচবিহার) ভৌতিক উপদ্রব ঘটায় কোচবিহার রাজ্যেরই ভেটাগুড়িতে ১৮১২ খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসের রাসপূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় মানসাই নদী পেরিয়ে নতুন রাজধানী ও রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং সেখানেই গৃহদেবতা মদনমোহনের রাসমেলার সূচনা করেন।
এরপর যখনই কোচ রাজাদের রাজধানী পরিবর্তনের সঙ্গে সঙ্গে মদনমোহন ঠাকুরের স্থান পরিবর্তন ঘটে, বর্তমান নতুন রাজপ্রাসাদের নির্মাণ কাজ শেষ হয় ১৮৮৭ খ্রিস্টাব্দে। তার পূর্বে এর উত্তরদিকে পুরোনো রাজপ্রাসাদ ছিল, মনে করা হয় সেই রাজপ্রাসাদ সংলগ্ন মন্দিরে রাসমেলা হতো।
‘চিকেনস নেক’-এ গুপ্তচরবৃত্তি! পর্যটকের বেশে বাগডোগরা-হাসিমারায় রেইকি, চ্যাংড়াবান্ধা সীমান্তে এনআইএ-র জালে বাংলাদেশি যুবক
মদনমোহন মন্দির নির্মাণ ও প্যারেড গ্রাউন্ডে মেলা স্থানান্তর
এরপর মহারাজা হরেন্দ্রনারায়ণের প্রপৌত্র মহারাজা নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকালে ১৮৯০ সালে কোচবিহারের বৈরাগীদিঘির পাড়ে মদনমোহন মন্দিরের তৈরির কাজ সম্পন্ন হয় (Madan Mohan Temple Cooch Behar) এবং রাজপ্রাসাদের মদনমোহন বিগ্রহ-সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকেই মন্দির সংলগ্ন এলাকায় রাসমেলা বসছে।
রাসপূর্ণিমায় বিধি মেনে বিশেষ পুজো করে সূচনা হয় রাস উৎসবের। ১৯১২ খ্রিস্টাব্দে কোচবিহারে কলেরা মহামারী আকার ধারণ করলে এবং বৈরাগীদিঘির জল দূষণমুক্ত রাখতে রাজআদেশে মেলাকে প্যারেড গ্রাউন্ডের মাঠে স্থানান্তর করা হয়। বর্তমানে শ্রীশ্রী মদনমোহন বাড়ি থেকে রাসমেলা মাঠ (প্যারেড গ্রাউন্ড) ও জেনকিন্স স্কুল সংলগ্ন রাস্তা পর্যন্ত মেলা বসে।
রাজআমলে রাসমেলায় যত্রতত্র বসে যেত জুয়ার আড্ডা। প্রলোভনের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরতেন গ্রামীণ মানুষ। খবর পেয়ে নড়েচড়ে বসেন কোচবিহারের তৎকালীন মহারাজা জিতেন্দ্রনারায়ণ ভূপবাহাদুর, তাঁর নির্দেশেই ১৯২২ খ্রিস্টাব্দে মেলায় জুয়া বন্ধ হয়ে যায়।
বৈদ্যুতিক আলো, রাজআমলের প্রথা ও মহারানী জর্জিনা দেবী
১৯২৮ খ্রিস্টাব্দে রাসমেলায় প্রথম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়। রাজআমলে মহারাজা সর্বপ্রথম রাস উৎসবের সূচনা করতেন। ১৯৬৯ সাল পর্যন্ত শেষ স্বাধীন মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করে শ্রীশ্রী মদনমোহন-সহ মন্দিরে পূজিত সব বিগ্রহকে প্রণাম জানাতেন। প্রত্যেক দেবতাকে প্রণামী হিসেবে দিতেন ১৪ টাকা করে—এটাই ছিল প্রথা। রাজা পুজোতে বসতেন না, যজ্ঞও করতেন না।
১৯৬৬ সালে মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ জয়পুরে পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে বুকে আঘাত পান। সে বছর ওঁর পরিবর্তে ওঁর বিদেশি স্ত্রী মহারানী জর্জিনা নারায়ণ রাসচক্র ঘুরিয়ে শ্রীশ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রার উদ্বোধন করেন। এই ঘটনায় কোচবিহার রাজপরিবারের প্রাচীনপন্থীদের মধ্যে কিছু বিরোধিতা হলেও তৎকালীন কোচবিহারের জেলাশাসক নীতিশ সেনগুপ্তের মধ্যস্থতায় সমস্যা মিটে যায়।
শেষ স্বাধীন মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ও মহারানী জর্জিনা দেবী নিঃসন্তান থাকায় এবং সরকারিভাবে রাজতন্ত্র না থাকায় ১৯৭০ খ্রিস্টাব্দের ১১ই এপ্রিল মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের মৃত্যুর পর ভাইপো পরবর্তী সিংহাসনহীন ও মুকুটহীন মহারাজা বিরাজেন্দ্রনারায়ণ দেবত্র ট্রাস্টের সভাপতি হিসেবে রাস উৎসবের সূচনা করতেন।
১৯৯২ সালে মহারাজা বিরাজেন্দ্রনারায়ণের মৃত্যুর পর দেবত্র ট্রাস্টের পরবর্তী সভাপতি হিসেবে সরকারি আমলারা জেলাশাসককে দিয়ে রাসের উদ্বোধন, পুজো ও যজ্ঞ করিয়ে আসছেন।
সম্প্রীতির প্রতীক: আলতাফ মিঞার রাসচক্র
কোচবিহারের রাস উৎসবের মূল আকর্ষণ রাসচক্র (Ras Chakra Altaf Mia)। কোচবিহারের বাসিন্দা আলতাফ মিঞা বংশপরম্পরায় এই রাসচক্র তৈরি করেন।
লক্ষ্মীপূর্ণিমার দিন থেকে আলতাফ মিঞা ও তাঁর পরিবারের সদস্যরা একমাস ধরে নিরামিষ খেয়ে কাগজ কেটে নানারকম সূক্ষ্ম নকশা করে এবং তার সাথে দেবদেবীর রঙিন ছবি দিয়ে রাসচক্র বানানো শুরু করেন। কোচবিহারবাসীরা এই রাসচক্র ঘুরিয়ে পুণ্য অনুভব করেন।
প্রথম প্রকাশ: মেঘের ভেলা, ২০১৭, রাসমেলা সংখ্যা
ছবি: প্রিতিকণা, অমিত, অন্বেষিকা
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. কোচবিহারের রাসমেলা প্রথম কবে এবং কে শুরু করেন?
১৮১২ খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসের রাসপূর্ণিমার দিন কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ ভূপ ভেটাগুড়িতে নতুন রাজধানী ও রাজপ্রাসাদে প্রবেশের পর গৃহদেবতা মদনমোহনের রাসমেলার সূচনা করেন।
২. কোচবিহারের ঐতিহাসিক রাসচক্র বংশপরম্পরায় কে তৈরি করেন?
কোচবিহারের বাসিন্দা আলতাফ মিঞা ও তাঁর পরিবার বংশপরম্পরায় লক্ষ্মীপূর্ণিমা থেকে একমাস নিরামিষ আহার গ্রহণ করে নিষ্ঠার সঙ্গে ঐতিহাসিক রাসচক্র তৈরি করেন।
৩. কোচবিহারের রাসমেলা কবে প্যারেড গ্রাউন্ডের মাঠে স্থানান্তরিত হয়?
১৯১২ খ্রিস্টাব্দে কোচবিহারে কলেরা মহামারী আকার ধারণ করলে এবং বৈরাগীদিঘির জল দূষণমুক্ত রাখতে রাজআদেশে রাসমেলাকে প্যারেড গ্রাউন্ডের মাঠে স্থানান্তর করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন