আজ রাজ্যে 'বিশ্বাসঘাতকতা দিবস' (Biswasghatakata Divas) পালন করবে সংযুক্ত কিষাণ মোর্চা
কোলকাতা: সংযুক্ত কিষাণ মোর্চাকে লেখা কেন্দ্রীয় সরকারের ৯ই ডিসেম্বরের চিঠি, যার ভিত্তিতে মোর্চা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল, ভারত সরকার সেই চিঠির কোনো প্রতিশ্রুতিই আজ অবধি পূরণ করেনি বলে অভিযোগ।
সংযুক্ত কিষাণ মোর্চা এক সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে-
(১) আন্দোলনের সময় আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশ রাজ্য সরকারগুলির দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ নেয়নি। একমাত্র হরিয়ানা সরকার লোকদেখানো কিছু কাগুজে কাজ করেছে। বাকি রাজ্য সরকারগুলি কিছুই করেনি। এমনকি এই মর্মে পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির কাছে চিঠিও আজ অবধি লেখেনি।
(২) উত্তরপ্রদেশ সরকার শহীদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষতিপূরণের পরিমাণ এবং প্রকৃতি সম্পর্কে হরিয়ানা সরকার কোনো ঘোষণা করেনি।
(৩) এমএসপি ইস্যুতে প্রতিশ্রুত কমিটি গঠনের কোন ঘোষণা কেন্দ্র সরকার করেনি বা সেই সম্পর্কিত পরবর্তী পদক্ষেপের কোনও তথ্য দেয়নি।
(৪) লখিমপুর খেরি হত্যাকাণ্ডের এসআইটি রিপোর্টে ষড়যন্ত্রের কথা স্বীকার করা সত্ত্বেও এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়নি। অন্যদিকে, এই ঘটনায় মিথ্যা মামলায় জড়িয়ে যাওয়া কৃষকদের গ্রেফতার করতে অতি তৎপর উত্তরপ্রদেশ পুলিশ।
এই প্রেক্ষাপটে, মোদি সরকারের কৃষকদের সাথে এই 'প্রতারনা ও বিশ্বাসঘাতকতার' প্রতিবাদে ৩১শে জানুয়ারী সারা দেশে রাজ্য রাজধানীতে এবং জেলা ও ব্লক স্তরে বড় প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে "বিশ্বাসঘাতকতা দিবস” পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
আজ দুপুর ১২টায়, ধর্মতলার “Y” চ্যানেলে, বিশাল জমায়েতের ডাক দিয়েছে। কৃষক বিরোধী কেন্দ্র সরকার ও বিজেপি’র বিরুদ্ধে এই “বিশ্বাসঘাতকতা দিবস” – এর সভায় রাজ্যের সব অগ্রণী কৃষক সংগঠন তাদের অগনিত সদস্য সমর্থক সহ অংশ নেবে বলে জানা গিয়েছে। কৃষক, ছাত্র, যুব, শ্রমিক, মহিলা সহ সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনকে জমায়েতে যোগদান করার আহ্বান জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। একই ভাবে সমস্ত জেলা ও ব্লক স্তরে জমায়াত করে প্রতিবাদ বিক্ষোভ জানানো হবে বলে জানিয়েছে মোর্চা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ