করোনা টিকায় কমলো GST, ব্ল্যাক ফাঙ্গাসের ঔষধ করমুক্ত
পুরোপুরি করমুক্ত হলো না করোনা ভ্যাকসিন। তবে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ থেকে তুলে নেওয়া হল কর। ৪৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে স্থির হয়েছে যে, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘অ্যামফোটেরিসিন বি’-র থেকে জিএসটি তুলে নেওয়া হচ্ছে। এছাড়া ইলেকট্রিক ফার্নেস ও শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি ১২ শতাংশ করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়াও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক হয়।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ‘ইলেকট্রিক ফার্নেস, তাপমাত্রা মাপার যন্ত্র এবং অ্যাম্বুল্যান্সের উপর থেকে যে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মন্ত্রিগোষ্ঠী অগাস্ট পর্যন্ত এই সংশোধিত জিএসটি কার্যকরের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সময়সীমা আরও একমাস বাড়ানো হচ্ছে।’
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ওষুধ, অক্সিজেন, অক্সিজেন তৈরি ও সরবরাহ সংক্রান্ত সরঞ্জাম, করোনা পরীক্ষার কিট সহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামের উপর থেকেও জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পালস অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্রের উপর জিএসটি পাঁচ শতাংশই থাকছে।
জানা যাচ্ছে, দেশে ব্যবহৃত টিকা গুলির জিএসটি পরিবর্তন করা হচ্ছে না। ৫% থাকছে জিএসটি। রেমডেসিভির ক্ষেত্রে জিএসটি ১২% থেকে কমিয়ে তা ৫% করা হচ্ছে। করোনার চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাবের উপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ