দিনহাটা: কোচবিহারের দিনহাটা কলেজে ফের অশান্তি। দিনের আলোয় কলেজের গেটের সামনে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-এর সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ৩ জন ছাত্র গুরুতর আহত হয়েছেন, যাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আক্রান্ত ছাত্রদের দাবি, শনিবার প্রতিদিনের মতোই তাঁরা কলেজে ক্লাস করতে গিয়েছিলেন। অভিযোগ, আচমকাই ২০-২৫ জনের একটি দল কলেজের ভেতরে প্রবেশ করে তাঁদের হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তাঁরা কলেজের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে মূল গেটের সামনে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এরপর রাস্তার ওপর ফেলে এসএফআই করা ছাত্রদের বেধড়ক মারধর করা হয়। কিল, চড়, ঘুঁষির পাশাপাশি তাঁদের ব্যাগ ছিঁড়ে দেওয়া হয় এবং জোর করে মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
আক্রান্ত ছাত্র আকরাম হোসেন সংবাদমাধ্যমের সামনে জানান, হামলাকারীরা তাঁদের বারবার 'সিপিএম' বলে গালিগালাজ করছিল এবং মারধর করছিল। ছাত্রদের বয়ান অনুযায়ী, প্রেম কুমার বর্মন নামে এক যুবকের নেতৃত্বেই এই তাণ্ডব চলে।
এই ঘটনার পর দিনহাটা কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এসএফআই সদস্যরা। তাঁদের প্রশ্ন, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়? আক্রান্তদের অভিযোগ, প্রিন্সিপাল বা কলেজ কর্তৃপক্ষ সাধারণ ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ।
