Siliguri News: অনাথ নাবালিকাকে ভাড়া বাড়িতে দিনের পর দিন নির্যাতন! শিলিগুড়িতে কাঠগড়ায় বৃদ্ধ
নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি এলাকায় এক ১২ বছরের নাবালিকার উপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অনাথ ওই নাবালিকাকে দিনের পর দিন ওই বৃদ্ধ নির্যাতন করত বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অনাথ নাবালিকাকে দিনের পর দিন নির্যাতন
জানা গিয়েছে, নাবালিকার বাবা মারা গিয়েছেন এবং মা অন্যত্র চলে গেছেন। এরপর থেকেই সে তার দুই ভাই-বোনকে নিয়ে দিদার সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল। অভিযোগ, সেই বাড়িতেই থাকা এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, নাবালিকার এক ভাই-বোন বর্তমানে নিখোঁজ। এই অন্তর্ধানের পেছনেও ওই অভিযুক্ত বৃদ্ধের কোনো হাত রয়েছে কি না, তা নিয়ে নতুন করে ঘোর উদ্বেগ তৈরি হয়েছে।
রাস্তায় উদ্ধার করল লিগ্যাল এইড ফোরাম
সোমবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় কান্নারত অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় ওই নাবালিকাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষয়টি 'দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম'-এর সদস্যদের জানান। এরপর ফোরামের সদস্যরা নাবালিকার কাছ থেকে ঘটনার হাড়হিম করা বিস্তারিত বিবরণ শোনেন। মঙ্গলবার তাকে সঙ্গে নিয়ে সরাসরি আশিঘর ফাঁড়িতে গিয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
নিখোঁজ ভাই-বোন, কড়া পদক্ষেপের দাবি
এই বিষয়ে দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের পক্ষে অমিত সরকার জানান, “বিষয়টি আমার কাছে আসার পর সব কিছু শুনে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, যাতে দ্রুত অভিযুক্তের কড়া শাস্তি হয়। পাশাপাশি নাবালিকার নিখোঁজ ভাই-বোনের ঘটনার পেছনে অভিযুক্তের কোনও ভূমিকা রয়েছে কিনা, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গোটা ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
শিলিগুড়ির নাবালিকা নির্যাতন কাণ্ড (FAQ)
প্রশ্ন: শিলিগুড়িতে নাবালিকা নির্যাতনের ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: ঘটনাটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত আশিঘর ফাঁড়ি এলাকায় ঘটেছে।
প্রশ্ন: নাবালিকাকে কে বা কারা উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায়?
উত্তর: ইস্টার্ন বাইপাস এলাকায় কান্নারত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে 'দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম'-এর সদস্যরা তাকে আশিঘর ফাঁড়িতে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রশ্ন: এই ঘটনায় আর কী চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে?
উত্তর: শারীরিক নির্যাতনের পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকার এক ভাই-বোনও নিখোঁজ রয়েছে। এর পেছনেও অভিযুক্ত বৃদ্ধের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উত্তরবঙ্গ ও শিলিগুড়ির সমস্ত ক্রাইম রিপোর্ট, ব্রেকিং নিউজ এবং লোকাল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!