Cooch Behar News: ভোটের পর থেকেই 'নিখোঁজ'! সিতাইয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও সঙ্গীতা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদন, সিতাই: কাটমানি ফেরতের দাবিতে রবিবার কোচবিহারের সিতাই এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই এদিনের আন্দোলন বলে দাবি তাঁদের।
তদন্তের দাবিতে বিক্ষোভ ও পুলিশের হস্তক্ষেপ
রবিবার সকালে বিক্ষোভ শুরু হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। এদিকে এই ঘটনার পরে সেখানে যাতে কোনভাবেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য মোতায়েন করা হয় বিশাল পরিমাণ পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন এবং প্রশাসনের উচিত পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এলাকায় নেই সাংসদ ও বিধায়ক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায় এলাকায় নেই। বিক্ষোভকারীদের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন। যদিও এই অভিযোগের বিষয়ে সাংসদ বা বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। অপরদিকে সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া। আগে সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নিজেই। পরে কোচবিহার জেলার সাংসদ নির্বাচিত হন তিনি। আর সিতাই বিধানসভার উপনির্বাচনে তাঁর স্ত্রী সঙ্গীতা বসুনিয়া জয়ী হয়ে বিধায়ক হন। এরপর ২৬-এর নির্বাচনেও প্রার্থী হন সঙ্গীতা রায়। রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির মাঝেও সিতাই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। বিধায়ক হওয়ার পর আর এলাকায় সাংসদ ও বিধায়ককে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সিতাইয়ের বিক্ষোভ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাস্য (FAQ)
প্রশ্ন: সিতাইয়ে কাদের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে?
উত্তর: কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
প্রশ্ন: বিক্ষোভের মূল কারণ কী?
উত্তর: অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বা 'কাটমানি' আদায় করা হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই এই আন্দোলন।
প্রশ্ন: ঘটনার পর সাংসদ বা বিধায়কের প্রতিক্রিয়া কী?
উত্তর: স্থানীয় সূত্রে খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই সাংসদ ও বিধায়ক এলাকায় নেই। এই অভিযোগের বিষয়ে তাঁদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
কোচবিহার জেলার সমস্ত ব্রেকিং নিউজ, সিতাই ও দিনহাটার লেটেস্ট গ্রাউন্ড রিপোর্ট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনটি স্থানীয় বিক্ষোভকারী ও সূত্রের দাবির ভিত্তিতে তৈরি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের তদন্তের ওপর প্রকৃত সত্য নির্ভর করছে।