দুর্নীতি কাণ্ডে তদন্তে তৎপর পুলিশ, কিন্তু তদন্তে অসহযোগিতা উদয়নের!
সমীর হোসেন, দিনহাটা: আগামী ২৪শে জুন আবাস দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ফের আদালতে পেশ করতে হবে। আর তাই দিনহাটা পুরসভার এই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া উদয়ন গুহকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন খোদ উদয়ন গুহ, এমনটাই পুলিশ সূত্রে খবর। জানা যাচ্ছে, তিনি তদন্তকারী অফিসারদের সামনে মুখ খুলতে একেবারেই নারাজ। আর তাতেই মহা সমস্যায় পড়েছেন তদন্তকারীরা। এর ফলে আবাস দুর্নীতি কাণ্ডের তদন্ত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
তদন্তে অসহযোগিতা উদয়ন গুহের
সূত্রের খবর, তিনি তদন্তকারীদের কারোরই জিজ্ঞাসাবাদে সাড়া দিচ্ছেন না। এমনকি যে প্রশ্নই জিজ্ঞাসা করা হচ্ছে তাঁকে, তিনি 'জানি না' বলে সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই যা নিয়ে যারপরনাই সমস্যায় পড়েছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, শনিবারই উদয়ন গুহর বিরুদ্ধে ওঠা আবাস, শিশুমঙ্গল ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দুর্নীতির তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণে দিনহাটা থানায় আসেন কমিশনের সদস্য সচিব এবং এডিজি পুলিশ (উত্তরবঙ্গ) কালিয়াপ্পন জয়রামন ও জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং।
জানা গিয়েছে, ঘণ্টাখানেক ধরে তাঁরা উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদও করেন। কিন্তু তারপরেও উদয়নের মুখ থেকে সেভাবে উল্লেখযোগ্য কিছু বের করতে পারেননি বলেই খবর। অন্যদিকে, তাঁর শারীরিক বিভিন্ন অসুবিধের দরুন তাঁর ওপর পুলিশ সেভাবে জোরও খাটাতে পারছে না বলে জানা গিয়েছে। তবে নিয়ম করে দিনে দু' থেকে তিনবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর।
ডাকা হতে পারে তৎকালীন উদয়ন ঘনিষ্ঠদের
ইতিমধ্যে তদন্তের স্বার্থে উদয়ন গুহ দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সেসময়কার একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আসা হয়েছে পুরসভা থেকে। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর, এই আবাস দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে সেসময় উদয়ন ঘনিষ্ঠ থাকা একাধিক তৃণমূল নেতা ও পুরকর্মীদেরও। ইতিমধ্যে তাঁদের একটি সম্ভাব্য তালিকাও তৈরি করে ফেলেছেন তদন্তকারী অফিসাররা। তবে এখনও পর্যন্ত কাউকেই সরকারিভাবে তলব করা হয়নি বলে খবর।
উদয়নের বিরুদ্ধেই অভিযোগ ঘনিষ্ঠ বিজয় সাহার
এদিকে আবাস দুর্নীতি কাণ্ডে শুক্রবার বিজয় সাহা নামে উদয়ন ঘনিষ্ঠ এক ব্যক্তি চাঞ্চল্যকর অভিযোগ জানান দিনহাটা থানায়। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁর কাছ থেকেও জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করা হয়েছিল। তবে শনিবার বা রবিবার নতুন করে দিনহাটা থানায় আর কোনো অভিযোগ জমা পড়েনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে তদন্তকারী অফিসাররা যে দিনহাটার আবাস দুর্নীতি কাণ্ডের শিকড় অবধি পৌঁছাতে একপ্রকার কোমর বেঁধে নেমেছেন, তা বলাই বাহুল্য।
গ্রেফতারির পর ৬ দিনের পুলিশি হেফাজতে উদয়ন
উল্লেখ্য, গত বুধবার কলকাতার ফুলবাগান থানার পুলিশের সহযোগিতায় উদয়নের নিজের আবাসন থেকে তাঁকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে দিনহাটা থানার বিশেষ দল। এরপর বুধবারই সমস্ত প্রক্রিয়া শেষ করে দিনহাটার উদ্দেশ্যে তাঁকে নিয়ে রওনা হয় পুলিশ। বৃহস্পতিবার ভোর পাঁচটা পনেরো মিনিট নাগাদ তাঁরা দিনহাটা থানায় পৌঁছান। এরপর বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।
উদয়নকে আদালতে নিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষের প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। এমনকী আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে লক্ষ করে ডিমও ছোঁড়া হয়। এরপর বিচার প্রক্রিয়া শেষে বিচারক উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ জুন তাঁকে আদালতে ফের পেশ করা হবে। তার আগে তদন্তের অঙ্গ হিসেবে নিয়ম করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী অফিসার থেকে শুরু করে জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকরা।
উদয়ন গুহ তদন্ত আপডেট (FAQ)
প্রশ্ন: উদয়ন গুহকে পুলিশ কেন জিজ্ঞাসাবাদ করছে?
উত্তর: দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আবাস যোজনা এবং অন্যান্য সরকারি দপ্তরে আর্থিক দুর্নীতির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।
প্রশ্ন: তদন্তে পুলিশ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে?
উত্তর: পুলিশ সূত্রে খবর, উদয়ন গুহ তদন্তে চরম অসহযোগিতা করছেন। পুলিশের বেশিরভাগ প্রশ্নের উত্তরেই তিনি 'জানি না' বলে এড়িয়ে যাচ্ছেন। এছাড়া তাঁর অসুস্থতার কারণে পুলিশ কড়াভাবে জেরা করতে পারছে না।
প্রশ্ন: উদয়ন গুহকে কবে ফের আদালতে তোলা হবে?
উত্তর: ৬ দিনের পুলিশি হেফাজত শেষে আগামী ২৪শে জুন তাঁকে ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন