'রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা!' উদয়ন গুহের স্ত্রীকে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিলেন 'ছিটমহলের নেতা' দীপ্তিমান সেনগুপ্ত
সমীর হোসেন, দিনহাটা: রাজনীতিতে শত্রুতা চরম, কিন্তু মানবিকতার ক্ষেত্রে কোনো আপস নয়! কোচবিহারের দিনহাটার রাজনীতিতে এবার এমনই এক বিরল ও অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। আর্থিক তছরুপের মামলায় তৃণমূলের দাপুটে নেতা ও প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার পরই কলকাতা থেকে দিনহাটার বাড়িতে ফিরেছেন তাঁর স্ত্রী শাশ্বতী গুহ। আর খবর পেয়েই সেই ‘শত্রু’ নেতার স্ত্রীর জন্য বাড়িতে দুপুরের খাবার নিয়ে হাজির হলেন খোদ 'ছিটমহলের নেতা' দীপ্তিমান সেনগুপ্ত (Diptiman Sengupta)।
স্বামী গ্রেপ্তার, দিনহাটায় উদয়নের স্ত্রী
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই সপরিবারে বাড়ি ছেড়েছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রাজ্যে পালাবদলের পর থেকে কোচবিহারের বাবুপাড়ায় তাঁর বাড়ি ছিল কার্যত জনমানবহীন ও শুনশান। গত ১৭ জুন কলকাতার ফুলবাগান এলাকার ফ্ল্যাট থেকে নাটকীয়ভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৮ জুন আর্থিক তছরুপ ও প্রতারণা মামলায় আদালতে তোলা হলে তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট!
এই চরম টানাপোড়েনের মাঝেই আজ, ১৯ জুন কলকাতা থেকে দিনহাটার বাবুপাড়ার বাড়িতে ফিরেছেন উদয়ন পত্নী শাশ্বতী গুহ-সহ পরিবারের তিন-চার জন। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি!
"আমার মাথা ফাটিয়েছিল, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা"
শাশ্বতী গুহ দিনহাটায় ফিরেছেন খবর পেয়েই, শুক্রবার দুপুরে উদয়নের বাড়িতে খাবার হাতে হাজির হন দীপ্তিমান সেনগুপ্ত। এই খবর চাউর হতেই দিনহাটা তথা গোটা কোচবিহার জেলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে!
দিনহাটার রাজনীতিতে উদয়ন গুহ এবং দীপ্তিমান সেনগুপ্তর রাজনৈতিক সংঘাত ও শত্রুতার কথা সর্বজনবিদিত। তা সত্ত্বেও খাবার নিয়ে যাওয়ার বিষয়ে দীপ্তিমান সেনগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, "রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। গত দুই দশকে দিনহাটার রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ নষ্ট করেছেন উদয়ন। তাঁর ফল এখন তিনি ভোগ করছেন। এই উদয়ন গুহ আমারও মাথা ফাটিয়েছিলেন। তাঁর কঠোরতম সাজা আমিও চাই। কিন্তু রাজনীতির বাইরেও তো একটা মানবিকতা আছে।"
দীপ্তিমান আরও বলেন, "তিন-চারজন দীর্ঘ পথ পেরিয়ে কলকাতা থেকে ফিরেছেন। বাড়িতে রান্নাবান্না বা খাবারের ব্যবস্থা আছে কি না, তা খোঁজ নিয়ে দেখলাম। দুপুরে এঁরা অভুক্ত থাকবেন, তাই খাবারের ব্যবস্থা করে দিলাম। শুধু খাবার নয়, প্রয়োজনে ওষুধের ব্যবস্থাও আমি করে দেব।"
দিনহাটার রাজনীতি ও উদয়ন গুহ (FAQ)
প্রশ্ন: উদয়ন গুহ কবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন?
উত্তর: আর্থিক তছরুপ ও প্রতারণার মামলায় গত ১৭ই জুন কলকাতার ফুলবাগান এলাকার ফ্ল্যাট থেকে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়।
প্রশ্ন: উদয়ন গুহের স্ত্রীর জন্য কে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন?
উত্তর: দিনহাটার ছিটমহলের নেতা দীপ্তিমান সেনগুপ্ত উদয়ন গুহের স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দিয়েছেন।
প্রশ্ন: রাজনৈতিক শত্রুতা থাকা সত্ত্বেও দীপ্তিমান সেনগুপ্ত কেন এই কাজ করলেন?
উত্তর: দীপ্তিমান সেনগুপ্ত জানিয়েছেন, উদয়ন গুহ তাঁর মাথা ফাটালেও এবং তিনি তাঁর কঠোরতম সাজা চাইলেও, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা বজায় রাখতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।