দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা ও সংগঠন পরিচিতি বর্গানুষ্ঠান ABRSM-এর
তপন বর্মন, দিনহাটা: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ-এর উদ্যোগে দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা ও সংগঠন পরিচিতি বর্গানুষ্ঠান সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম কুমার দাস , জলপাইগুড়ি বিভাগ প্রমুখ অচিন্ত্য কুমার দাস, জেলা সভাপতি তপন কুমার ভৌমিক, জেলা কার্যকর্তা বিশ্বজিৎ অধিকারী, নিতীশ সরকার এবং জেলা সহ-সভাপতি সঞ্জয় মোদক , দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের ABRSM এর সভাপতি শিবু বর্মন, সম্পাদক শুভঙ্কর সোনার সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষকাগন।
সংগঠনের ইতিহাস ও লক্ষ্য নিয়ে আলোচনা
সভায় সংগঠনের ইতিহাস ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, এবি আর এস এম ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন ধরেই একটি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন গঠনের পরিকল্পনা চলছিল। শিক্ষাকে জাতীয় চেতনার সঙ্গে যুক্ত করা, মূল্যবোধভিত্তিক জাতীয় শিক্ষা নীতি গড়ে তোলা এবং শিক্ষক সমাজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষক সংগঠনের মূল কাজ শুধু দাবি আদায় নয়, দেশ ও জাতিকে পথ দেখানোও শিক্ষকদের দায়িত্ব। শিক্ষক ও সমাজের মধ্যে দূরত্ব কমিয়ে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে হবে এবং ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।
বিভিন্ন দিবস উদযাপন নিয়ে পরিকল্পনা
সভায় আরও জানানো হয়, “সংকল্পবোধ দিবস” পালন, পয়লা বৈশাখে শোভাযাত্রা আয়োজন এবং ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে যুক্ত করার মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে রাষ্ট্রহিতৈষী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।