কলকাতা, সংবাদ একলব্য: ভোট শেষে এক বেনজির দৃশ্য কলকাতায়। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল। রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাঁজা। তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমে ভিতরে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে। তারা ওই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের ভিতরে যে ক্যামেরা আছে সেখানের ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ। কারা এঁরা? কীভাবে প্রবেশাধিকার পেলেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে।
স্ট্রং রুমের সামনে ধর্নায় কুনাল ও শশী
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী। অবস্থান চলাকালীন দুই বিজেপি প্রার্থী, চৌরঙ্গির সন্তোষ পাঠক এবং মাণিকতলার তাপস রায় তৃণমূলের জমায়েত নিয়ে আপত্তি তোলেন। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টা অবস্থান চালানোর পরে পুলিশি হস্তক্ষেপে অবস্থান তুলে নেন তৃণমূল প্রার্থীরা।
গুরুতর অভিযোগ কুনলাদের
প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের অনুপস্থিতিতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে কে বা কারা ঢুকেছেন এবং কী করে ঢুকেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, “সাড়ে ৩টে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকেরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল ৪টের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছ? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে (তিনি ও শশী) দৌড়ে এসেছি।’’
চার দফা দাবি কুনালের
অবস্থান তোলার সময় কুণাল চার দফা দাবিও জানিয়েছেন— ১. পোস্টাল ব্যালট যেখানে আছে, সেখানে সিসি ক্যামেরা লাগাতে হবে। ২. সেই সিসি ক্যামেরার ভিডিয়ো বাইরের স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত করতে হবে। ৩. বাইরে রাখা স্ক্রিনের সামনে প্রার্থীর প্রতিনিধিকে থাকতে দিতে হবে। ৪. পুলিশের তরফে কোনও বাধাদান করা হবে না। কুণাল বলেন, ‘‘ডিইও-র কাছ থেকে এই নিশ্চয়তা পাওয়ার পরে আমরা অবস্থান তুলেছি। তিনি নিশ্চিত করেছেন, আমাদের না জানিয়ে স্ট্রংরুম খালো হবে না। আমাদের লোকজন ওখানে পাহারা দেবেন।’’
অভিযোগ অস্বীকার করে কি বললো কমিশন?
যদিও কমিশনের তরফে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, আগেই ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভাগুলির প্রার্থীদের পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজের বিষয়ে অবহিত করা হয়েছিল।
দেখুন ভিডিও
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ