কলকাতা, সংবাদ একলব্য: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রাখার বিরুদ্ধে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট! সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় নোটিস জারি করেছে।
২০১৪ সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত ৩২ হাজার জনের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেই মামলাই গ্রহণ করল সুপ্রিম কোর্ট।
২০২৩ সালের ১২ মে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে সিঙ্গল বেঞ্চের রায় বহাল ছিল। এর পরে সরকার, পর্ষদ ও কর্মরত শিক্ষকেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাই কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ফিরে আসে। ২০২৫ সালের ১২ নভেম্বর মামলার শুনানি শেষ হয়। সেই মামলারই রায় ঘোষণা হয় ২০২৫ সালের ৩ ডিসেম্বর, যেখানে হাই কোর্ট কর্মরত শিক্ষকদের পক্ষে রায় দেয়।
আদালত স্পষ্ট জানিয়েছিল, কর্মরত এই ৩২ হাজার শিক্ষকের প্রত্যেকেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত— এমন কোনো প্রমাণ তদন্তে উঠে আসেনি। শুধু তাই নয়, এই কথিত দুর্নীতির উৎস ঠিক কোথায়, তাও এখন পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে সাফ জানায়, মুষ্টিমেয় কয়েকজন ‘অযোগ্য’ শিক্ষকের অপরাধ বা অনিয়মের দায়ভার সমস্ত শিক্ষকের ওপর চাপানো যায় না। কিছু মানুষের ভুলের জন্য এত বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত বা ন্যায়সঙ্গত নয়।
হাইকোর্টের এই রায়ে কর্মরত শিক্ষকেরা সাময়িক স্বস্তি পেলেও, ক্ষোভে ফুঁসছেন প্যানেল থেকে বঞ্চিত হওয়া চাকরিপ্রার্থীরা। আদালতের এই সিদ্ধান্তের পরই তারা আইনি লড়াই আরও বাড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে এবার সুপ্রিমকোর্ট সেই মামলা গ্রহন করলো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ