ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজয় থলপতি। ভারতের রাজনীতিতে ফের এক রুপোলি পর্দার মহাতারকার উত্থান। সব জল্পনা ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার বিজয়। রবিবার একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। এদিন চেন্নাইয়ের স্টেডিয়ামে শপথ নিলেন বিজয়। ‘‘আমি শ্রী জোসেফ বিজয়’’, তামিল ভাষায় শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। হাততালিতে ফেটে পড়ল স্টেডিয়াম। মঞ্চে বিজয়ের পাশেই বসেছেন রাহুল গান্ধী।
শপথ গ্রহণ অনুষ্ঠান:
এদিন বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের দলের শীর্ষ নেতৃত্ব, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁর অগণিত ভক্ত-অনুরাগী। শপথ গ্রহণের পর বিজয় জানান, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের সার্বিক উন্নয়নই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
আর কারা শপথ নিলেন মন্ত্রীসভায়?
বিজয়ের পরেই শপথ নিলেন আধব অর্জুন। শপথ নিলেন টিভিকে-র মুখ্য সমন্বয়ক সেঙ্গোত্তাইয়ান। শপথ নিলেন আনন্দ এবং ভেঙ্কটরামনন। শপথ নিলেন নির্মলকুমার। তিনি বিজেপি ছেড়ে টিভিকে-তে যোগ দিয়েছিলেন। শপথ নিলেন ২৮ বছরের কীর্তনা। বিজয়ের সরকারে কনিষ্ঠতম মন্ত্রী হতে চলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর প্রথম বক্তব্য
শপথ গ্রহণের পরে প্রথম বার ভাষণ দিচ্ছেন বিজয়। তিনি বলেন, ‘‘আমি ঈশ্বরের দূত নই। সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।’’ মুখ্যমন্ত্রী হয়েই তামিলনাড়ুর মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি করে দেওয়ার ঘোষনা করলেন বিজয়।
নাটকীয় মোড় ও জয়:
গত কয়েকদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে নানা সমীকরণ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত জনমত ও রাজনৈতিক কৌশলে বিজয়ী হয়ে বিজয়ের দল ক্ষমতায় আসীন হলো। দীর্ঘ সময় পর্দার ‘থলপতি’ বা সেনাপতি হিসেবে পরিচিত বিজয় এবার বাস্তবের ময়দানে রাজ্যের শাসনভার সামলাবেন।
জনতার উচ্ছ্বাস:
বিজয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে চেন্নাইসহ গোটা তামিলনাড়ু জুড়ে উৎসবের আমেজ। সমর্থকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিজয় রাজনীতিতে সক্রিয় হয়ে রাজ্যের হাল ধরবেন। আজ সেই স্বপ্ন সত্যি হওয়ায় রাস্তায় নেমে বাজি ফাটিয়ে এবং মিষ্টি মুখ করে উদযাপন করছেন অনুগামীরা।
এমজিআর (MGR) বা জয়ললিতার মতো রুপোলি পর্দা থেকে এসে বিজয়ও কি তামিল রাজনীতির ইতিহাসে সফল অধ্যায় লিখতে পারবেন? সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ