অমিত বনিক, শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন আর্মি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকেশ মিস্ত্রি (৩০) নামে এক অভিযুক্তকে শিলিগুড়ি জেল থেকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বাড়ি শিলিগুড়ির খোলাচাঁদ ফাফরি এলাকায়।
জেলের বন্দিকেই রিমান্ডে নিল ভক্তিনগর থানা
পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। নিজস্ব সোর্স কাজে লাগিয়ে তদন্তকারীরা জানতে পারেন, এই চুরির সঙ্গে রাকেশ মিস্ত্রি সরাসরি জড়িত। এরপর তার খোঁজ শুরু করলে পুলিশ জানতে পারে, শিলিগুড়ি থানার অন্য একটি ডাকাতির মামলায় অভিযুক্ত বর্তমানে শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে।
ফাফরি জঙ্গল থেকে বাইক উদ্ধার
এরপর জলপাইগুড়ি আদালতের বিশেষ অনুমতি নিয়ে অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নেয় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের দাবি, নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় রাকেশ মিস্ত্রি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে নেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে ফাফরি জঙ্গল এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার ধৃতকে পুনরায় জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে আরও রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তদন্তকারী অফিসারদের প্রাথমিক অনুমান, হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালালে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের নামও উঠে আসতে পারে। এর পাশাপাশি চুরি হওয়া অন্যান্য সামগ্রী এবং এই চক্রের পিছনে বড় কোনও মাথা কাজ করছে কি না, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও মেলার সম্ভাবনা রয়েছে। সমগ্র ঘটনার তদন্ত জোরকদমে চালিয়ে যাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ।
সাংবাদিক - অমিত বনিক
জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ