Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিউ কোচবিহার স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান ও নির্মাণ

New Coochbehar railway station
নিউ কোচবিহারে রেলের উচ্ছেদ অভিযান 

নিজস্ব সংবাদদাতা, নিউ কোচবিহার, সংবাদ একলব্য: নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমি জবরদখলমুক্ত করতে বৃহস্পতিবার সকাল থেকেই রেল দপ্তরের উদ্যোগে এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এলাকায় চালানো হলো এক মেগা উচ্ছেদ অভিযান। দীর্ঘদিনের জবরদখল হটাতে নামানো হয় বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানপাট, ক্লাবঘর এবং বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস।



সূত্রের খবর, নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ব্যবসা চালানো হচ্ছিল। শুধু দোকানপাটই নয়, সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছিল একের পর এক ক্লাব ও রাজনৈতিক দলের কার্যালয়। রেলের দাবি, এই জমি খালি করার জন্য দখলদারদের এর আগে বহুবার লিখিত ও মৌখিকভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় এবং জবরদখলকারীরা জায়গা খালি হয়নি। এদিন দখলমুক্ত করা হলো রেলের জমি।


এদিনের এই আচমকা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই নিউ কোচবিহার স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে চলে না যায়, তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। সকাল থেকেই গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং রেলের পদস্থ প্রশাসনিক আধিকারিকদের। প্রশাসনের উপস্থিতিতে একে একে ভেঙে ফেলা হয় সমস্ত অবৈধ নির্মাণ।


এদিকে, চোখের সামনে রুটিরুজি হারানোর পর ক্ষোভে ও কান্নায় ভেঙে পড়েন স্থানীয় ছোট ব্যবসায়ীরা। আকস্মিক এই উচ্ছেদের ফলে বহু ব্যবসায়ীর চোখে-মুখে চরম উদ্বেগ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট দেখা গেছে। তাঁদের একাংশের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই এভাবে বুলডোজার চালিয়ে তাঁদের উচ্ছেদ করা হলো।


কোচবিহারের বুকে রেলের এই বড়সড় পদক্ষেপের পর স্বাভাবিকভাবেই জেলা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সব মিলিয়ে, নিউ কোচবিহারের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে জেলার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বেশ উত্তপ্ত।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code