কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬-র বিধানসভা নির্বাচনে হারের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বলেন, "আমি এখন মুক্ত বিহঙ্গ। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে খেলা খেলেছে বিজেপি। ১০০ আসন লুট করা হয়েছে। কাউন্টিংয়ে খেলা হয়েছে। আইএএস, আইপিএসদের সব বদলে দিয়েছে। ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন এমন নির্বাচন দেখিনি। সব সন্ত্রাসকে ছাপিয়ে গেল। ইন্ডিয়া জোটকে শক্ত করব।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েন ও শোভন দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন মমতা বলেন, ‘‘সাখাওয়াতে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। ভিতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পিছনে লাথি মেরেছে। সিসিটিভি বন্ধ ছিল।’’
সব সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
হিংসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা যখন জিতেছিলাম, বলেছিলাম, কারও উপর যেন অত্যাচার না হয়। সিপিএমের কোনও পার্টি অফিসে আমরা হাত দিইনি। অত্যাচার করিনি।’’ তিনি বলেন, "২০০৪ সালেও এই জিনিস দেখিনি। ১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি। তবে এই সরকার সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে।"
১০০ আসন লুটের অভিযোগ
সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ১০০ আসন লুট করার অভিযোগ তুললেন তিনি। মমতা বলেন, ‘‘আমরা হারিনি। ১০০টা আসন লুট করে নেওয়া হয়েছে। কমিশনই ভিলেন।’’ পাশাপাশি এদিন বিরোধী শক্তি পোক্ত করার কথাও জানালেন তিনি।
বিরোধী জোটের শক্তি বৃদ্ধি
মমতা জানান, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শক্তি বৃদ্ধি করবেন তিনি। সকল বিরোধী নেতৃত্ব তাঁকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। রাহুল গান্ধী, উদ্ভব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী সহ সকলেই ফোন করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।’’
গণনাকেন্দ্র নিয়ে কী দাবি
গণনার শুরুর পর সংবাদমাধ্যমে বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে গিয়েছে দেখানোর পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে মারধর শুরু করে। ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি।’’
পদত্যাগ প্রসঙ্গে
মমতা জানান, এখনই তিনি পদত্যাগ করবেন না। বলেন, ‘‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? তিনি বললেন, ”আমরা তো হারিনি। জোর করে মিথ্যা বলে অত্যাচার করে হারিয়েছে।গণনাকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ফর্ম ১৭সি কেড়ে নেওয়া হয়েছে। ওরা এমনি জিতলে আমার কিছু বলার থাকত না। নির্বাচনে তো হারজিত আছে। কিন্তু আমরা হারিনি। ইস্তফা কেন দেব? কেউ যদি জোর করে ইস্তফা দিতে, আমি বলব, না এটা হবে না। এখানে বিজেপির কথায় কমিশন খেলেছে সরাসরি।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ