Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবজির বাজারে আগুন! অকাল বর্ষা ও পেট্রোলের দাম বৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

Jalpaiguri Vegetable Price Hike, Market Price Update, Inflation, Petrol Price Impact, সবজির বাজারে আগুন, জলপাইগুড়ি দিনবাজার
অকাল বর্ষা ও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে চড়ল সবজির বাজারদর

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অকাল বর্ষা ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জোড়া প্রভাবে ফের চড়তে শুরু করেছে সবজির বাজার। জলপাইগুড়ির দিনবাজার থেকে শুরু করে বিভিন্ন খোলা বাজার এবং সরকারি ‘সুফল বাংলা’ কেন্দ্রেও একাধিক সবজির দামে উর্ধ্বগতি দেখা যাচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়েই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

একনজরে জলপাইগুড়ির বর্তমান বাজারদর

বর্তমানে জলপাইগুড়ির বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা দরে। বেগুনের দাম ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৫০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ক্যাপসিকামের দাম পৌঁছেছে ৮০ টাকায়, কাঁচালঙ্কা ১০০ টাকা, আদা ১৫০ টাকা এবং শশা ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পিঁয়াজের দামও ৩০ টাকা কেজি ছুঁয়েছে। ফলের বাজারেও একই ছবি— আপেল ২০০ থেকে ২৫০ টাকা এবং আম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও সরকারি সুফল বাংলা কেন্দ্র ও খোলা বাজারের দামের মধ্যে কোথাও কোথাও ১ থেকে ২ টাকার পার্থক্য দেখা গিয়েছে, তবুও সামগ্রিকভাবে বাজারদর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই অভিযোগ।

উদ্বেগে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা

জলপাইগুড়ি দিনবাজারের ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ জানান, “অকাল বর্ষার কারণে বিভিন্ন জায়গায় সবজির উৎপাদন কমেছে। তার উপর পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচও বেড়েছে। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরো বাজারে পড়ছে।”

অন্যদিকে বাড়তি বাজারদরে সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারাও। ক্রেতা বিরাজ বর্মনের কথায়, “যে সবজি কয়েকদিন আগেও ২০-২৫ টাকায় পাওয়া যেত, এখন তার দাম ৪০-৫০ টাকা হয়ে গিয়েছে। ৫০০ টাকা নিয়ে বাজারে এলেও কয়েকটা সবজি কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।”

ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, আগামী কয়েকদিন আবহাওয়া অনুকূলে না থাকলে এবং জ্বালানির দাম আরও বাড়লে বাজারদর আরও বাড়তে পারে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির উপর আর্থিক চাপ আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

দেশ, রাজ্য ও জলপাইগুড়ি জেলার সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!

🌐 sangbadekalavya.in
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code