Latest News

6/recent/ticker-posts

Ad Code

গো-সংরক্ষণ ইস্যুতে শুভেন্দু সরকারকে পূর্ণ সমর্থন হিন্দু মহাসভার, গোহত্যা রুখতে নাখোদা মসজিদের ইমামের সঙ্গে সাক্ষাৎ

Hindu Mahasabha, Bengal Govt Cow Protection, Suvendu Adhikari, Nakhoda Mosque Imam, West Bengal News, হিন্দু মহাসভা, শুভেন্দু অধিকারী
গোহত্যা রোধে নাখোদা মসজিদের ইমামের সঙ্গে হিন্দু মহাসভার সাক্ষাৎ

সুরশ্রী ব্যানার্জী, কলকাতা: গো-সম্পদ সংরক্ষণ এবং গোহত্যা রোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপকে সার্বিকভাবে সমর্থন জানাল অখিল ভারত হিন্দু মহাসভা। এই মর্মে সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপাল আর. এন. রবি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি আনুষ্ঠানিক ডেপুটেশন জমা দিয়েছে।

সরকারি দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি, হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদে গিয়ে প্রধান ইমাম মাওলানা মহম্মদ শফিক কাসমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের দাবি, সম্প্রতি ইমাম সাহেব মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গোহত্যা ও গোমাংস ভক্ষণ থেকে বিরত থাকার যে আবেদন জানিয়েছিলেন, তাকে সম্মান জানাতেই তাঁদের এই উদ্যোগ।

অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী জানান, স্বাধীনতার আগে থেকেই গোহত্যা নিষিদ্ধ করা এবং গোমাতাকে জাতীয় প্রাণীর সম্মান দেওয়ার দাবিতে নিরন্তর আন্দোলন চালিয়ে আসছে তাঁদের সংগঠন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে গো-মাতাকে সংরক্ষণের জন্য যে সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয়েছে, তাকে আমরা সর্বান্তঃকরণে সমর্থন করি। দেশে চিরস্থায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অবিলম্বে গোহত্যা বন্ধ করে গোসম্পদকে জাতীয় প্রাণীর সম্মান দেওয়া উচিত।"

গোহত্যা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের কড়া সমালোচনা করেন ডঃ গোস্বামী। ধর্মীয় অধিকারের নামে গোহত্যা সমর্থন করার অভিযোগ তুলে তিনি বলেন, "কোরআন বা হাদিসে কোথাও গোহত্যার কথা বলা নেই। হিন্দুদের আরাধ্য গোমাতাকে হত্যা করা সরাসরি সনাতনীদের ধর্মীয় আবেগে আঘাত করার শামিল।" এই ধরনের উসকানিমূলক মন্তব্যের জেরেই দেশে সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে হিন্দু মহাসভার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে পথসভা করা হবে। সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে গোহত্যা থেকে বিরত থাকার আবেদন জানানো হবে বলে নেতৃত্ব জানিয়েছেন। এদিনের ডেপুটেশন প্রদান এবং ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচিতে ডঃ চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু মহাসভার প্রায় পঁচিশ জন সদস্য, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অনামিকা মণ্ডল, অন্তরা মিত্র, প্রিয়ব্রত ভট্টাচার্য, পরিমল মজুমদার, মিন্টু ঘোষ, এবং শৈলেন্দ্র সিংহ।

দেশ, রাজ্য ও রাজনীতির সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!

🌐 sangbadekalavya.in
সাংবাদিক সুরশ্রী ব্যানার্জী

সাংবাদিক - সুরশ্রী ব্যানার্জী

সাংবাদিক সুরশ্রী ব্যানার্জীর গণমাধ্যম জগতে রয়েছে দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সুরশ্রী প্রিন্ট এবং ডিজিটাল—উভয় মিডিয়াতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দেশ থেকে বিদেশের আনাচে-কানাচে ঘটে চলা নিত্যনতুন খবরের গভীরে গিয়ে প্রতিনিয়ত নতুন কিছু জানার এবং শেখার অবিরাম চেষ্টাই তাঁর সাংবাদিকতা জীবনের মূল চালিকাশক্তি।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code