কলকাতা, সংবাদ একলব্য: বহুল প্রতীক্ষিত 'অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা' (Annapurna Bhandar Yojana) নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলাকে এই প্রকল্পের জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে। পূর্ববর্তী সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের তালিকায় থাকা লক্ষ লক্ষ 'বেনোজল' বা বেআইনি উপভোক্তাকে বাদ দিতেই এই কঠোর যাচাইকরণ (Verification) প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার নবান্ন থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগের জমানায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে কোনও সঠিক স্ক্রুটিনি বা যাচাইকরণ করা হয়নি। একই পরিবারে একাধিক ব্যক্তি যেমন টাকা পেয়েছেন, তেমনই এমন লক্ষ লক্ষ ভুয়ো নাম তালিকায় ঢুকে আছে যারা আদতে এই সুবিধার যোগ্য নন। সরকারি কোষাগারের টাকা এভাবে অপচয় হতে দেওয়া যায় না। তাই আমরা পুরোপুরি স্বচ্ছতা আনতে চাই।"
২ জুনের মধ্যে যাঁরা আবেদন করবেন তারা জুন মাস থেকেই পাবেন সুবিধা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। তিন মাস এই প্রক্রিয়া চলবে। যত দিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভান্ডার’ চলবে। যাঁরা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন, তাঁদের ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে। ২ জুনের মধ্যে যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন।
কারা কারা পাবেন সুবিধা?
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিক ভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। যাঁরা আয়কর দেন, যাঁরা সরকারি চাকরি করেন, নিয়মিত যাঁরা বেতন পান বা পেনশন পান, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা ছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। পাশাপাশি এদিন তিনি জানান, প্রতি সপ্তাহে কত জনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হল, তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে।
কীভাবে করা যাবে আবেদন?
অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, নবনির্বাচিত বিধায়কেরাও এই কাজে সহযোগিতা করবেন। এটা তাঁদের অন্যতম বড় কাজ হতে চলেছে। আগামী ১৫, ১৬, ১৭ তারিখ জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও মিলছিল টাকা!
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিক অবস্থায় তাঁদের ধারণা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকাটি হয়তো সম্পূর্ণ যাচাই করা রয়েছে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে আসতে শুরু করে। স্ক্রুটিনিতে দেখা গেছে, ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইবুনালে কোনও আবেদনও করেননি এমন প্রায় ৩০ লক্ষ মানুষ নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে আসছিলেন। এই বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় ও ‘বেনোজল’ রুখতেই সমস্ত যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নাগরিকত্ব ও ব্যতিক্রমী নিয়ম
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, সিএএ (CAA)-র মাধ্যমে যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁরা এই নতুন প্রকল্পের সমস্ত সুবিধা পাবেন। অন্যদিকে, এসআইআর (SIR) থেকে যাঁদের নাম বাদ গিয়েছে কিন্তু ইতিমধ্যেই ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন, তাঁদের আপাতত ব্যতিক্রম বা ‘স্পেশাল কেস’ হিসেবে এই তালিকায় রাখা হচ্ছে।
পারিবারিক তথ্য সংগ্রহ ও কাজের ব্যাপকতা:
অন্নপূর্ণা যোজনার ফর্মটিকে কেবল একটি প্রকল্পের আবেদনপত্র হিসেবে দেখছে না নবান্ন। মুখ্যমন্ত্রী জানান, এই ফর্মের মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চায় সরকার, যাতে পরবর্তী সময়ে অন্যান্য সরকারি সামাজিক উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে এই ডেটাবেস ব্যবহার করা যায়। কাজের পরিধি অত্যন্ত ব্যাপক হওয়ায় এর তদারকির দায়িত্বে থাকছেন স্বয়ং মুখ্যসচিব এবং অর্থসচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের আধিকারিক দল। জাতীয় স্তরের পরিচয়পত্র তৈরির কাজে যুক্ত বিশেষজ্ঞ এবং ভোটার তালিকা সংশোধনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মীবাহিনীকে এই যাচাইকরণ ও ডেটা সংগ্রহের কাজে লাগানো হবে। পুরো প্রকল্পটি রাজ্য সরকারের মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ