নিজস্ব প্রতিবেদন, দিনহাটা: দিনহাটা পুরসভার বহুচর্চিত ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস ও জালিয়াতি কাণ্ডে এবার নাটকীয় মোড়। পুলিশের লাগাতার তল্লাশি ও চাপের মুখে পড়ে অবশেষে রবিবার রাতে দিনহাটা থানায় নিজে থেকেই আত্মসমর্পণ করলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। থানায় আত্মসমর্পণের পরেই পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই দাপুটে নেতার আত্মসমর্পণের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।
পলাতক থাকার পর আত্মসমর্পণ
পুলিশ সূত্রে খবর, শনিবার কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে দিনহাটা থানার পুলিশ গৌরীশংকর মাহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশ পৌঁছনোর আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। এরপর রবিবার দিনভর তাঁকে ধরতে দিনহাটা ও আশেপাশের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। পুলিশের এই প্রবল চাপ এবং জাল গুটিয়ে আসায় উপায় না দেখেই রবিবার রাতে বাধ্য হয়ে তিনি দিনহাটা থানায় এসে আত্মসমর্পণ করেন। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মৌমিতা ভট্টাচার্যের গ্রেফতারি ও দুর্নীতির জাল
এই মেগা দুর্নীতির তদন্তে গৌরীশংকর একা নন, শনিবারই গ্রেফতার করা হয়েছিল দিনহাটা পুরসভার কর্মী তথা মন্ত্রী উদয়ন গুহর আরও এক ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। রবিবার আদালত মৌমিতাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
দিনহাটা এসডিপিও প্রশান্ত দেবনাথ প্রাক্তন চেয়ারম্যানের আত্মসমর্পণের পর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তকারীদের দাবি, বিল্ডিং প্ল্যান পাশ করানোর নামে পুরসভায় দীর্ঘদিন ধরে একটি চক্র কাজ করছিল। এই মামলায় এর আগে একাধিক পুরকর্মী, ইঞ্জিনিয়ার এবং এক মহিলা সাফাইকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। এবার খোদ প্রাক্তন চেয়ারম্যান এবং প্রভাবশালী নেত্রীর গ্রেফতারে দুর্নীতির শিকড় ঠিক কতদূর বিস্তৃত, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য
একদিনের ব্যবধানে উদয়ন গুহ ঘনিষ্ঠ দুই হেভিওয়েট— মৌমিতা ভট্টাচার্য এবং গৌরীশংকর মাহেশ্বরীর পুলিশি জালে ধরা পড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধী ও শাসক শিবিরে। যদিও এই জোড়া গ্রেফতারি এবং আত্মসমর্পণ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারীদের অনুমান, ধৃতদের রিমান্ডে নিয়ে মুখোমুখি জেরা করলে ভুয়ো বিল্ডিং প্ল্যান চক্রের মাধ্যমে হওয়া এই বিপুল আর্থিক দুর্নীতির আরও অনেক চাঞ্চল্যকর তথ্য এবং নতুন নাম প্রকাশ্যে আসতে পারে।
দেশ, রাজ্য ও কোচবিহার জেলার সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ