নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ফের রাজ্য রাজনীতিতে বড় চাঞ্চল্য। রাজারহাট-গোপালপুরের প্রভাবশালী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) ঘিরে গ্রেফতারের জল্পনা তীব্র হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর আটক বা গ্রেফতারের খবর। দেবরাজ চক্রবর্তী হলেন প্রাক্তন বিধায়ক ও জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী।
ইডি নাকি সিআইডি? জেরা ঘিরে বাড়ছে ধোঁয়াশা
মঙ্গলবার রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের দাবি, দেবরাজ চক্রবর্তীকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেউ দাবি করছেন তাঁকে ইডি (ED) জিজ্ঞাসাবাদ করছে, আবার কারও মতে সিআইডির তরফে পদক্ষেপ করা হয়েছে। এমনকি ভবানীভবনে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিজেপি নেতার পোস্ট ও পুরনো হুঁশিয়ারি
এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির পুরনো মন্তব্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হওয়ার পর তরুণজ্যোতি প্রকাশ্যে বলেছিলেন, “একটা উইকেট পড়েছে, বাকিগুলোও পড়বে।” সেই সময় তিনি সরাসরি দেবরাজ চক্রবর্তীর নামও উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন, তাঁর “সময়ও ঘনিয়ে এসেছে।”
মঙ্গলবার রাতেই তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাজারহাট গোপালপুর বিধানসভার পাপ বিদায়। জন্মদিনের এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না।” এরপরই বিজেপির একাধিক নেতা ও কর্মী সমাজমাধ্যমে দেবরাজ চক্রবর্তীর নাম উল্লেখ করে পোস্ট করতে শুরু করেন, যা এই জল্পনার আগুনে আরও ঘি ঢেলে দেয়।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর শঙ্কা?
দেবরাজ চক্রবর্তীকে ঘিরে অতীতেও একাধিক বিতর্ক সামনে এসেছে। বিধানসভা নির্বাচনের সময় বিরোধীদের তরফে তোলাবাজি, প্রভাব খাটানো ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত।
উল্লেখ্য, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত তদন্তে গতি বেড়েছে। সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন সুজিত বসু। তদন্তকারীদের দাবি, রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে এই আটকের জল্পনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
রাজ্য রাজনীতি ও নিয়োগ দুর্নীতির সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ