রাহুল দেব বর্মন, কোচবিহার, সংবাদ একলব্য: সামান্য চার হাজার টাকা নিয়ে বচসার জেরে নিজের শাশুড়ির মাথায় কুড়ুল দিয়ে একের পর এক কোপ মারার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বামনহাট দক্ষিণ লাউচাপরা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই প্রৌঢ়াকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বৌমাকে আটক করে তদন্ত শুরু করেছে।
টাকা চাওয়া নিয়েই শুরু বচসা
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫-১৬ বছর আগে বামনহাট দক্ষিণ লাউচাপরা এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মনের সঙ্গে আবুতারা এলাকার এক যুবতীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি ও বৌমার মধ্যে বনিবনা ছিল না, প্রায়শই বিভিন্ন কারণে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তবে সম্প্রতি বৌমা অসুস্থ হওয়ায়, চিকিৎসার জন্য শাশুড়ি তাঁকে চার হাজার টাকা ধার দিয়েছিলেন বলে জানা যায়। রবিবার দুপুর আনুমানিক ২টো নাগাদ ওই চার হাজার টাকার কথা আলোচনা প্রসঙ্গে উঠে আসে। আহত মহিলার ছেলে ও বোনের অভিযোগ, শাশুড়ি ওই টাকা ফেরত চাইলেই বৌমার সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়।
মাথায় পরপর কুড়ুলের কোপ
সেই বচসা ক্রমশ চরমে ওঠে এবং একপর্যায়ে রাগের বশে বৌমা একটি কুড়ুল নিয়ে শাশুড়ির ওপর চড়াও হন। অভিযোগ, তিনি শাশুড়ির মাথায় পর পর তিন থেকে চারবার কুড়ুলের কোপ বসান। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আহত শাশুড়ি কাঁদতে কাঁদতে বলেন, "আমি কিছুই করিনি। ওই চার হাজার টাকা নিয়ে কথা হচ্ছিল। আমি শুধু বলেছিলাম টাকাগুলো দিয়ে দিতে। এর পরেই ও কোনো কথা না বলে আচমকা একটা কুড়ুল নিয়ে এসে আমার মাথায় কোপ মারতে শুরু করে।"
আহত মহিলার ছেলে জানান, "আমার বউয়ের সঙ্গে মায়ের এমনিতেই ঝামেলা হতো। কিন্তু টাকা চাওয়ার জন্য যে এভাবে কুড়ুল দিয়ে মারবে, তা ভাবতে পারিনি। আমি সেই সময় বাড়িতে ছিলাম না, খবর পেয়ে ছুটে এসে মাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি।"
তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ
আহত মহিলার বোনও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৌমার কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, "সামান্য টাকার জন্য এভাবে নিজের শাশুড়িকে কেউ মারতে পারে? ওর মাথায় চার জায়গায় কুড়ুলের কোপ লেগেছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।"
ঘটনার খবর পেয়েই সাহেবগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত মহিলার ছেলে ও বোনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৌমাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে পরিস্থিতি এতটা ভয়ংকর রূপ নিল, তা খতিয়ে দেখতে পুলিশ পুরো ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে।
কোচবিহার জেলার এবং আপনার আশেপাশের সমস্ত লোকাল ব্রেকিং খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
সাংবাদিক - রাহুল দেব বর্মন
জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ