নিজস্ব প্রতিবেদন, দিনহাটা: দিনহাটা পৌর এলাকার একাধিক জ্বলন্ত নাগরিক সমস্যা, 'হাউস ফর অল' (House For All) প্রকল্পে বেআইনিভাবে অতিরিক্ত অর্থ আদায় এবং পাহাড়প্রমাণ দুর্নীতির প্রতিবাদে দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের কাছে এক বিস্তৃত ডেপুটেশন পেশ করল সিপিআই(এম) দিনহাটা এরিয়া কমিটি। ডেপুটেশনটিতে মোট ২৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন অপর্ণা দে নন্দী।
'হাউস ফর অল' প্রকল্পে বেআইনি অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগ
ডেপুটেশনে সিপিআই(এম) নেতৃত্বের সবচেয়ে বড় অভিযোগটি ছিল PMAY–HFA(U) বা 'হাউস ফর অল' প্রকল্প নিয়ে। সরকারি নিয়ম অনুযায়ী উপভোক্তাদের ২৫,০০০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও, ২০১৬ সালের ২৮ জুলাই এবং ২০১৭ সালের ১৬ জুনের 'বোর্ড অফ কাউন্সিলরস'-এর বৈঠকের সিদ্ধান্ত দেখিয়ে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ২০,০০০ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ। ফলে বহু গরিব ও EWS পরিবারের কাছ থেকে মোট ৪৫,০০০ টাকা নেওয়া হয়েছে।
বাম নেতৃত্বের দাবি, রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (Audit-II) এবং সুডা (SUDA)-র রিপোর্টে এই অতিরিক্ত 'ডেভেলপমেন্ট ফান্ড' আদায়কে সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে গরিব মানুষদের কাছ থেকে নেওয়া ওই অতিরিক্ত ২০,০০০ টাকা ফেরত দেওয়ার এবং গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
একইসঙ্গে সিপিআই(এম) অভিযোগ তুলেছে, ২০১৫ সালের পর থেকে দিনহাটা পৌরসভা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল এবং তৎকালীন চেয়ারম্যান তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে বিভিন্ন দুর্নীতির র্যাকেট পরিচালিত হতো। PWD সেকশনে বিভাগীয় তদন্তের পাশাপাশি পৌরসভার সমস্ত দুর্নীতি প্রকাশ্যে আনতে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে তারা।
হাসপাতালের দুরবস্থা ও শ্বেতপত্র প্রকাশের দাবি
দিনহাটা মহকুমা হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করা হয় ডেপুটেশনে। জানানো হয়, প্রতি মাসে ১৫ দিনের জন্য পৌরসভার তরফ থেকে ১০ জন লেবার এবং ১ জন সুপারভাইজার হাসপাতালে কাজ করেন, যাঁদের খরচ হাসপাতাল কর্তৃপক্ষই বহন করে। তা সত্ত্বেও হাসপাতাল চত্বরে কেন আবর্জনার স্তূপ এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এছাড়া, 'শিশু মঙ্গল সমিতি'-র অর্থ পৌরসভার অ্যাকাউন্টে জমা হওয়ার অভিযোগ তুলে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে সিপিআই(এম)। পাশাপাশি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সমস্ত অডিট রিপোর্ট, উন্নয়ন প্রকল্পের আর্থিক হিসাব এবং সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা জনসমক্ষে আনার দাবি জানানো হয়েছে।
বেহাল নাগরিক পরিষেবা ও বিকল্প প্রস্তাব
দীর্ঘদিন ধরে দিনহাটা শহরে পানীয় জলের সংকট, বেহাল রাস্তা, সামান্য বৃষ্টিতে জল জমা, তীব্র যানজট, ফুটপাত দখল এবং স্বাস্থ্য পরিষেবার দুরবস্থা নিয়ে পৌর প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। সমস্যার সমাধানে নির্দিষ্ট অটো-টোটো স্ট্যান্ড তৈরি, মশা নিধন কর্মসূচি, অবৈধ নির্মাণ বন্ধ এবং চৌপথী এলাকায় বাস দাঁড়ানো বন্ধ করে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে।
সমস্যা সমাধানের পাশাপাশি কিছু জনকল্যাণমূলক বিকল্প প্রস্তাবও দিয়েছে বামফ্রন্ট। যার মধ্যে রয়েছে ওয়ার্ডভিত্তিক নাগরিক কমিটি গঠন, বাজেট ও টেন্ডারের সামাজিক নিরীক্ষা (Social Audit), বৃষ্টির জল সংরক্ষণ, পথচারী ও সাইকেলবান্ধব শহর পরিকল্পনা এবং স্থানীয় শ্রমিকদের কাজে অগ্রাধিকার দেওয়া।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা তারাপদ বর্মন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর সমীর চৌধুরী, দিবাকর পাল, এবং মহিলা নেত্রী দেবযানী মিত্র, বাসন্তী বর্মন, কৃষ্ণা ব্রজবাসী, মুক্ত রায় প্রমুখ। সিপিআই(এম) নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে এই দাবিগুলি বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সাধারণ মানুষ।
দেশ, রাজ্য ও কোচবিহার জেলার সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ