ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বই থেকে সোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোলাপুর স্টেশনে ঢোকার মুখেই এই বিপত্তি ঘটে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, ট্রেনের গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন। এতদিন পর্যন্ত বন্দে ভারতকে যথেষ্ট নিরাপদ ট্রেন হিসেবেই গণ্য করা হত। কারণ এই ট্রেনে আগে থেকেই কবচ সিস্টেম ইনস্টল করা রয়েছে। কিন্তু এই ঘটনার পর সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে রেল কতৃপক্ষ। ট্রেনটি লাইনচ্যুত হলেও সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছেন বলে রেল সূত্রে খবর।
ঠিক কী ঘটেছিল?
রেল সূত্রে খবর, ট্রেনটি যখন সোলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের জন্য এগোচ্ছিল, সেই সময় একটি কোচ লাইনচ্যুত হয়। বিকট শব্দ শুনে রেলকর্মী ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান।
যাত্রীদের নিরাপত্তা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার মুখে খুব ধীর গতিতে থাকায় কোনো বড় আঘাত লাগেনি যাত্রীদের। তবে এই ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
তদন্তের নির্দেশ
কী কারণে এই আধুনিক প্রযুক্তির ট্রেনটি লাইনচ্যুত হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লাইনের কোনো যান্ত্রিক ত্রুটি নাকি চাকার সমস্যা, তা খতিয়ে দেখছেন রেল ইঞ্জিনিয়াররা।
যাত্রীর বক্তব্য
সংবাদ সংস্থা ANI-কে একজন যাত্রী জানিয়েছেন, ''আমি এই বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পুনে আসছিলাম। অনেকক্ষণ ধরেই ট্রেনটি ধীরগতিতে আসছিল। শিবাজীনগরের কাছে যখন আসে তখন ট্রেনটি একেবারেই স্লো হয়ে যায়। আচমকা ট্রেনটি ব্রেক মারে এবং জোর একটি ঝাঁকুনি হয়। আমরা সবাই কামরার মধ্যেই ছিলাম। কিছুক্ষন পর লোকো পাইলট ঘোষণা করে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।''
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ