Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে ৭০০ নাগরিকের চিঠি

Narendra Modi
আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে ৭০০ নাগরিকের চিঠি

ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনে। মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল খারিজ হয়ে যাওয়ার পরে, গত শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভাষণের পর প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন বলে অভিযোগ। ৭০০ বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা পড়ল নির্বাচন কমিশনে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদরা।

অভিযোগের মূলে কী?

অভিযোগ, প্রধানমন্ত্রী যে মুহূর্তে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, তখন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি রয়েছে। এই অবস্থায় সরকারি অর্থায়নে পরিচালিত মাধ্যম (দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও) ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালানো সম্পূর্ণ অনৈতিক এবং নির্বাচনী বিধির পরিপন্থী।

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছিলেন যে, প্রধানমন্ত্রী তাঁর আধ ঘণ্টার বক্তৃতায় ৫৯ বার কংগ্রেসের নাম নিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তোপ দেগেছেন। শনিবার তারকেশ্বরের জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, মোদি নিজের দলের স্বার্থে বেআইনিভাবে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করছেন।

কমিশনে অস্বস্তি

এদিকে বাম দলগুলির পক্ষ থেকেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একদিকে বিরোধী জোটের লাগাতার চাপ, আর অন্যদিকে দেশের ৭০০ বিশিষ্ট নাগরিকের এই গণস্বাক্ষরিত অভিযোগপত্র। সব মিলিয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ যে কয়েকগুণ বাড়ল, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, মহিলা সংরক্ষণ বিল ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্র। কিন্তু সেই বিলে আপত্তি জানায় বিরোধী রাজনৈতিক দলগুলি। খারিজ হয়ে যায় বিল। এরপর শনিবার রাতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন। তবে সেই ভাষণে বিরোধীদের আক্রমণের সুরই এখন দেশের রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code