Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝাল মুড়ির ডালা গলায়, লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

Madan Mitra Election Campaign
ঝালমুড়ি ডালা গলায় মদন মিত্র 

আগরপাড়া, সংবাদ একলব্য: ভোটের ময়দানে তিনি বরাবরই ‘কালারফুল’। কখনও গান গেয়ে, কখনও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য ভোগ রান্না করে, কখনও আবার মেঠো আড্ডায় জনসংযোগ সারেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে এবার তাকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে আগরপাড়া থেকে লোকাল ট্রেনে চড়ে সোজা পৌঁছে গেলেন বেলঘরিয়ায়। ট্রেনের কামরায় যাত্রীদের ঝাল মুড়ি খাইয়ে সারলেন অভিনব প্রচার।


হাতে ঝাল মুড়ির ঠোঙা, আর গলায় ঝাল মুড়ির ডালায় ভোট প্রচারে মদন মিত্র 

হাতে ঝাল মুড়ির ঠোঙা, আর গলায় ঝাল মুড়ির ডালা। বৃহস্পতিবার সাতসকালে আগরপাড়া স্টেশনে এইভাবেই আবির্ভূত হলেন মদন মিত্র। সেখান থেকে উঠে পড়লেন শিয়ালদহগামী লোকাল ট্রেনে। ট্রেনের ভিড়ের মধ্যেই যাত্রীদের সাথে খোশগল্পে মাতলেন তিনি। নিজের হাতে মুড়ি মেখে তুলে দিলেন সাধারণ মানুষের মুখে। বেলঘরিয়া স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন এই তৃণমূল নেতা।



উনি মুড়ি খেতে খেতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, মোদীকে কটাক্ষ মদনের

মদন মিত্র বলেন, "উনি (নরেন্দ্র মোদী) আমাদের কাছে একটা আশীর্বাদ। মোদী যত আসবেন, আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকব। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা, ৩০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আজ পর্যন্ত একটাও সত্যি হয়েছে? উনি আবার মুড়ি খেতে খেতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। তৃণমূল যা বলে তা করে দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কথা দিয়েছিলেন, সব পালন করেছেন।"



প্রধানমন্ত্রীকে ‘বহুরূপী’র সাথে তুলনা মদন মিত্রের

প্রধানমন্ত্রীকে ‘বহুরূপী’র সাথে তুলনা করে মদন মিত্র আরও বলেন, মোদী কখনও সাধু সাজেন, কখনও আবার অন্য সাজে আসেন। কিন্তু বাংলার মানুষ এই ‘নাটক’ ধরে ফেলেছে। ট্রেন থেকে নেমে স্টেশন চত্বরেও এদিন কর্মী-সমর্থকদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।



ভাইরাল মদন মিত্রের ভোট প্রচার 

ভোটের আগে কামারহাটির প্রার্থীর এই ঝাল মুড়ি প্রচার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরোধীরা একে ‘চমক’ বললেও, মদন অনুগামীরা বলছেন এটিই হলো আসল ‘বাঙালি আনা’।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code