কলকাতা, সংবাদ একলব্য: অবশেষে রাজ্য সরকারের গ্রান্ট-ইন-এইড (Grant-in-aid) দপ্তরের কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) প্রদান নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হলো। শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, এবং পরিবহণের মতো দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ-এর হিসাব কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করতে আগামীকাল ১ এপ্রিল (২০২৬) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
বৈঠকের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য
জানা গিয়েছে, রাজ্য সরকারের সরাসরি কর্মী এবং পেনশনারদের বাদ দিয়ে যে সমস্ত কর্মীরা গ্রান্ট-ইন-এইড দপ্তরের আওতায় পড়েন, নির্দিষ্ট সময়ে তাঁরা ঠিক কী হারে বা কতটা মহার্ঘ ভাতা পেয়েছেন, সেই হিসাব নিকাশ খতিয়ে দেখাই এই পর্যালোচনামূলক বৈঠকের মূল লক্ষ্য। পয়লা এপ্রিল বিকেল ৪টের সময় একটি 'ফিজিক্যাল মিটিং' অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির অ্যাকাউন্টস সেকশনের (Accounts Section) দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (Officer-in-Charge) এবং আর্থিক উপদেষ্টা (Financial Advisor) উপস্থিত থাকবেন। এছাড়াও দপ্তর যাকে উপযুক্ত মনে করবে, তিনিও এই বৈঠকে অংশ নিতে পারবেন।
প্রেক্ষাপট ও অর্থ দপ্তরের নির্দেশিকা
এর আগে গত ১৩ মার্চ অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি (নম্বর- ৯৯৮) জারি করা হয়েছিল। সেই নির্দেশিকায় গ্রান্ট-ইন-এইড দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা যেন দ্রুত নিজেদের কর্মীদের বকেয়া ডিএ এবং ডিআর-এর হিসাব করে অর্থ দপ্তরে পাঠায়। যেহেতু এই কর্মীদের সরাসরি বেতনের ডেটা বা হিসাব রাজ্য সরকারের কাছে মজুত থাকে ঘন না, তাই নিজ নিজ দপ্তরকেই এই হিসাব কষার দায়িত্ব দেওয়া হয়। সেই নির্দেশিকা জারির পর হিসাব নিকাশের কাজ ঠিক কতদূর এগিয়েছে এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক।
শিক্ষা দপ্তরের পরিস্থিতি নিয়ে জল্পনা
রাজ্যের গ্রান্ট-ইন-এইড দপ্তরগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী যুক্ত রয়েছেন শিক্ষা দপ্তরে। এই দপ্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ওএসএমএস (OSMS) পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু প্রশাসনিক সূত্রের খবর, ওএসএমএস পোর্টালে এখনও পর্যন্ত বকেয়া ডিএ-র হিসাব নিকাশ সংক্রান্ত কোনো দৃশ্যমান নড়াচড়া বা আপডেট লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ওএসএমএস-এ হিসাব তৈরি করে না পাঠালে বকেয়া মেটানোর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা কার্যত অসম্ভব।
কাজেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের এই জটিল প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ১ এপ্রিলের এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয়, এই বৈঠক থেকে হিসাব দ্রুত সম্পন্ন করার বিষয়ে নতুন কোনো কড়া বার্তা দেওয়া হয় কি না।
শিক্ষক, সরকারি কর্মচারী ও বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ