রাহুল দেব বর্মন, তুফানগঞ্জ: দীর্ঘ ২১ দিন পর অবশেষে তুফানগঞ্জ মহকুমা জেল থেকে মুক্তি পেলেন নাটাবাড়ি ৩ নং মণ্ডলের বিজেপি সভাপতি চিরঞ্জিত দাস-সহ আরও সাতজন বিজেপি কর্মী। গত ২৮ ফেব্রুয়ারি নাটাবাড়ি কদমতলা এলাকায় বিজেপির একটি সভাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর দলীয় কর্মীরা তাঁদের পুষ্পস্তবক ও মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
কী ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি?
গত ২৮ ফেব্রুয়ারি তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত নাটাবাড়ি কদমতলা এলাকায় বিজেপির একটি পূর্বনির্ধারিত সভা চলছিল। অভিযোগ, সেই সভা চলাকালীন আচমকাই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এবং কদমতলা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
এই ঘটনার পর পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করে উলটে আক্রান্ত বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তোলে পদ্মশিবির। সেই ঘটনাতেই গ্রেপ্তার হয়েছিলেন চিরঞ্জিত দাস-সহ মোট আটজন বিজেপি কর্মী।
মুক্তির পর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক চিরঞ্জিত দাস
জেল থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে যৌথ চক্রান্তের গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা চিরঞ্জিত দাস। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে মিলিত হয়ে আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে শাসকদলের ‘দলদাস’ হয়ে কাজ করছে। যে ঘটনায় আমাদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনায় আমাদের আইনজীবী সায়নের চেষ্টায় যখন আমাদের বেল (জামিন) করানো হয়, তখন পুলিশ ফের আরেকটি মিথ্যা মামলা দিয়ে ২১ দিনের জন্য আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়। তবে মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে রুখতে পারবে না।”
তিনি আরও দাবি করেন যে, রাজ্যের শাসক দল ভয় পেয়েছে বলেই পুলিশকে দিয়ে এমন কাজ করাচ্ছে। তাঁর কথায়, “বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। আগামী বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি ও তুফানগঞ্জ— এই দুই আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবে বিজেপি। তৃণমূল ধারেকাছেও পৌঁছাতে পারবে না।”
নির্বাচনের আগে দলের মণ্ডল সভাপতির এই কারামুক্তিতে স্থানীয় বিজেপি শিবিরের কর্মী-সমর্থকদের মনোবল অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে চিরঞ্জিতের এই বিস্ফোরক অভিযোগের পর শাসক দল তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কোচবিহার জেলার রাজনীতি এবং উত্তরবঙ্গের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
সাংবাদিক - রাহুল দেব বর্মন
জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ