Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ! 'সংখ্যালঘু ভোটার বাতিল ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে', সরব তৃণমূল

Election Commission bias, TMC alleges EC bias, Cooch Behar Dakshin Voter List, Minority voters deleted, TMC party flag torn, West Bengal Assembly Election 2026, কোচবিহার, নির্বাচন কমিশন, সংবাদ একলব্য
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব

কোচবিহার, সংবাদ একলব্য: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। একদিকে ভোটার তালিকা থেকে বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়া এবং অন্যদিকে অনৈতিকভাবে শাসকদলের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার মতো গুরুতর অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল নেতৃত্ব।

সংখ্যালঘু ভোটারদের নাম বাতিলের অভিযোগ

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজ্যজুড়ে প্রায় ৬০ লক্ষ ভোটারকে 'বিবেচনাধীন' বা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। শুধু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল নেতা জানান, সেখানে ৮ হাজার ৩২৪ জনের মধ্যে ৬ হাজার ৮৯৪ জনের (৮২.৮%) নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাতিল করে দেওয়া হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এই বাতিল হওয়া ভোটারদের মধ্যে ৯৩.৬ শতাংশই হলেন সংখ্যালঘু (মুসলিম) সম্প্রদায়ের।

নেতৃত্বের প্রশ্ন, ট্রাইব্যুনাল যদি নির্বাচনের পরে এই আবেদনগুলির নিষ্পত্তি করে, তাহলে এই বিপুল সংখ্যক মানুষের সাংবিধানিক ভোটাধিকার খর্ব হবে। এই পরিস্থিতির জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করে তৃণমূল দাবি করেছে, পোলিং বা ভোটের দিনের আগেই ট্রাইব্যুনাল যাতে এই বিষয়গুলির নিষ্পত্তি করে, তার জন্য কমিশনকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। নচেৎ দলের পক্ষ থেকে তাঁরা নিজেরাই সুপ্রিম কোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ

ভোটার তালিকার পাশাপাশি কোচবিহারের জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। অভিযোগ, বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে তৃণমূলের পতাকা, পোস্টার এবং মুখ্যমন্ত্রীর ছবি রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে।

তৃণমূল নেতার দাবি, "তুফানগঞ্জে আমাদের প্রার্থীর নিজের বাড়ির সামনে থেকে ফ্ল্যাগ খুলে দেওয়া হচ্ছে। কোচবিহার শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উজ্জ্বলের নিজের বাড়ির পতাকা খুলে নেওয়া হয়েছে। রাত তিনটের সময় ঘুঘুমারি, সুটাবাড়ি এলাকায় এসডিও-বিডিওরা গিয়ে ফ্ল্যাগ খুলছেন।" এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বিজেপির অঙ্গুলিহেলনে চালিত বলে তোপ দেগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'একরাশ ঘৃণা' প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের এই বিস্ফোরক অভিযোগ কোচবিহারের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

তৃণমূল নেতার সম্পূর্ণ বক্তব্যটি শুনুন এই ভিডিওতে:

রাজ্য রাজনীতির সমস্ত ব্রেকিং আপডেট এবং ভোটের খবর পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code