দলছুট দাঁতালের তাণ্ডব, মৃত এক, আহত বহু! হাতিটিকে বাগে আনতে নাকাল বন দপ্তর
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোর থেকে একটি দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে। হাতিটির আক্রমণে এখনো পর্যন্ত স্থানীয় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনা জানাজানি হওয়ার পর বন দপ্তর হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
ভোররাতে গ্রামের ভেতরে তাণ্ডব
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনোভাবে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে হাতিটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর চালায় দাঁতালটি। হাতির এমন অস্বাভাবিক আচরণের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন ঘুমন্ত গ্রামবাসীরা।
প্রাণহানি ও আহতের সংখ্যা
দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই পিষ্ট হয়ে মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। এছাড়া ওই গ্রামেরই আরও ৬ জন বাসিন্দা গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
নাকাল বন দপ্তর
রাউৎখণ্ডের পর হাতিটি জামডিগরি হয়ে সটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। হাতিটিকে লোকালয় থেকে বের করে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টাতেও হাতিটিকে এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি। গোটা এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ