নিজস্ব প্রতিবেদক, সংবাদ একলব্য: আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল জাতীয় নির্বাচন কমিশন। ভোটগ্রহণের কাজে যুক্ত আধিকারিকদের উৎসাহ বাড়াতে একধাক্কায় অনেকটাই বাড়ানো হলো ভাতার পরিমাণ। বুধবার কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, মাইক্রো অবজার্ভার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী (CAPF)-এর জওয়ানদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০১৪-২০১৬ সালের পর ভোটকর্মীদের ভাতায় বড়সড় কোনও সংশোধন হয়নি। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তে খুশি ভোটের ডিউটিতে থাকা কর্মীরা।
একনজরে দেখে নিন কোন স্তরের কর্মীরা কত টাকা ভাতা পাবেন:
- প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজার: আগে দৈনিক ৩৫০ টাকা পেতেন, তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা।
- পোলিং অফিসার: আগে দৈনিক ২৫০ টাকা পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ৪০০ টাকা।
- কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: দৈনিক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ভাতা করা হয়েছে ৪৫০ টাকা।
- গ্রুপ ডি কর্মী: আগে দৈনিক ২০০ টাকা পেতেন, তা বেড়ে দাঁড়াল ৩৫০ টাকা।
- মাইক্রো অবজার্ভার: দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে একধাক্কায় বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।
- অন্যান্য বিশেষ দায়িত্ব: ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড এবং মনিটরিং সেলের দায়িত্বে থাকা কর্মীদের ভাতা আগে ছিল দৈনিক ১,০০০ থেকে ১,২০০ টাকা। তা বাড়িয়ে ২,০০০ থেকে ৩,০০০ টাকা করা হয়েছে।
- সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভার: ৭ হাজার ৫০০ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা।
সিএপিএফ (CAPF) এবং পুলিশ আধিকারিকদের ভাতা
ভোটকর্মীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ভাতার ক্ষেত্রেও নজর দিয়েছে কমিশন।
- ১৫ দিনের কম ডিউটিরত গেজেটেড অফিসারদের ভাতা ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। ১৫ দিনের বেশি ডিউটি থাকলে সাপ্তাহিক ভাতা ১,২৫০ টাকা থেকে বেড়ে ২,০০০ টাকা হয়েছে।
- ১৫ দিনের কম কর্তব্যরত সাব-অর্ডিনেট আধিকারিক (কনস্টেবল)-দের ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
খাবার ভাতা বৃদ্ধি
ভোটগ্রহণ ও গণনার দিনে কর্মীদের খাবার ভাতাও বাড়ানো হয়েছে। আগে যা দেওয়া হতো তার থেকে ১৫০ টাকা বৃদ্ধি করে খাবার ভাতা ৫০০ টাকা করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার নেপথ্যে ভোটকর্মীদের বড় ভূমিকা থাকে। তাঁদের কাজের স্বীকৃতি ও উৎসাহ জোগাতেই দীর্ঘ প্রতীক্ষিত এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচন এবং নির্বাচন কমিশনের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ