 |
| ভোটের আগে চার্জশিট ঘিরে মুখোমুখি বিজেপি ও তৃণমূল |
কলকাতা, সংবাদ একলব্য: ভোটের চার্জশিট যুদ্ধে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। একদিকে শাসক শিবির তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী শিবির ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক সংঘাত তীব্র হচ্ছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ‘চার্জশিট’ কেন্দ্রিক লড়াই এখন প্রচারের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। দিল্লী থেকে এসে শমীক-শুভেন্দুদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে ব্রাত্য বসু, মহুয়া মিত্র, কীর্তি আজাদরা পাল্টা চার্জশিট পেশ করে।
বিজেপি চার্জশিট তৃণমূলের বিরুদ্ধে
শনিবারের দুপুরে শুভেন্দু-শমীকদের পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট পেশ করলেন অমিত শাহ। চার্জশিট পেশ করে একের পর এক ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন তিনি। বিজেপির তরফে প্রকাশিত চার্জশিটে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, বেকারত্ব বৃদ্ধি এবং প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তোলা হয়েছিল। ওই চার্জশিটে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরা হয় বলে দাবি বিজেপির। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ শানান অমিত শাহ।
তৃণমূলের চার্জশিট বিজেপির বিরুদ্ধে
শনিবার বিকেলে ব্রাত্য বসু, মহুয়া মিত্র ও কীর্তি আজাদ বিজেপির পাল্টা চার্জশিট পেশ করলেন। ১৫ পাতার চার্জশিটে একাধিক বিষয় তুলে ধরে তৃণমূল কংগ্রেস। ১৩ প্রশ্নে বিদ্ধ করে বিজেপিকে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার অবনতি, নারী নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার একাধিক উদাহরণ রয়েছে। এই সব অভিযোগকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাদের চার্জশিট তৈরি করা হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এই চার্জশিট রাজনীতি?
বিশ্লেষকদের মতে, চার্জশিট আসলে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি কৌশল। এর মাধ্যমে দলগুলি ভোটারদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় এবং প্রতিপক্ষের দুর্বলতা তুলে ধরে। প্রতিপক্ষের দুর্বলতা তুলে ধরে প্রতিপক্ষকে ভোটের ময়দানে টেক্কা দেওয়ার এক গুরুত্বপূর্ণ স্ট্রোক বলে মনে করছে বিশ্লেষকরা। এই চার্জশিট রাজনীতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে ভোটারদের মনে। নির্বাচনের ঠিক প্রাক্কালে চার্জশিট পেশ করে রাজনৈতিক দলগুলির নিজেদেরকে স্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টাও বটে।
ভোটে কতটা প্রভাব ফেলতে পারে?
ভোটে কতটা প্রভাব ফেলতে পারে এই চার্জশিট যুদ্ধ? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহুরে ভোটারদের মধ্যে এই ধরনের তথ্যভিত্তিক প্রচার কিছুটা প্রভাব ফেলতে পারে। গ্রামীণ এলাকায় সরাসরি উন্নয়ন ও স্থানীয় ইস্যুই বেশি গুরুত্বপূর্ণ থাকে। নারী নিরাপত্তা ও কর্মসংস্থান এই দুই ইস্যু ভোটে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বার্তার লড়াই আরও তীব্র
বিশেষজ্ঞদের মতে, ভোট যত এগোবে, ততই এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আরও বাড়বে। সোশ্যাল মিডিয়া ও জনসভা দুই জায়গাতেই এই ‘চার্জশিট যুদ্ধ’ বড় ভূমিকা নিতে পারে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি অভিযোগে বিদ্ধ করে প্রতিপক্ষকে নড়বড়ে করার চাল হয়ে দাঁড়িয়েছে চার্জশিট যুদ্ধ।
চার্জশিট ঘিরে বিজেপি ও তৃণমূলের এই লড়াই শুধু রাজনৈতিক বাকযুদ্ধ নয়, বরং ভোটের আগে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে শেষ পর্যন্ত এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে ভোটারদের অগ্রাধিকার ও বাস্তব অভিজ্ঞতার উপর। শেষমেষ চার্জশিট যুদ্ধ কতটা সফল তা দেখা যাবে ভোটের বাক্সে?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ