Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা! ৩১ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ভস্মীভূত দুটি গাড়ি

জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা! ৩১ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ভস্মীভূত দুটি গাড়ি

Jalpaiguri Road Accident, Ambulance Truck Collision, Mohitnagar NH31, Fire Accident Jalpaiguri, Traffic blocked NH31, জলপাইগুড়ি, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, সংবাদ একলব্য
জলপাইগুড়ির মোহিতনগরে মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলছে দুটি গাড়ি

অমিত বণিক, জলপাইগুড়ি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়। গতকাল রাতে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স এবং একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে দুটি গাড়িতেই। আগুনের তীব্রতায় অ্যাম্বুলেন্স এবং ট্রেলার— দুটি গাড়িরই সিংহভাগ পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে উল্টো দিক থেকে আসা ট্রেলারটিকে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার বিবরণ ও অগ্নিকাণ্ড

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেট দেওয়া একটি লরি বা ট্রেলার শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে আসছিল। অপর দিক থেকে অর্থাৎ জলপাইগুড়ির দিক থেকে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। মোহিতনগর এলাকায় অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অ্যাম্বুলেন্সটি ডিভাইডার ভেদ করে জাতীয় সড়কের ভুল লেনে ঢুকে পড়ে এবং উল্টো দিক থেকে আসা ট্রেলারের মুখে গিয়ে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সের ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া এবং পরে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই আগুন ট্রেলারেও ছড়িয়ে পড়ে। দুটি গাড়িতেই আগুন লাগার ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীর বয়ান ও চালকদের পলায়ন

এক প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে বলেন, "আমি পাশেই ছিলাম। দেখলাম অ্যাম্বুলেন্সটা জলপাইগুড়ির দিক থেকে আসছিল, আর ট্রাকটা শিলিগুড়ির দিক থেকে যাচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সটা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে ট্রাকটার সামনে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ হতেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ আরও দুইজন লাফিয়ে নেমে পালিয়ে যায়। আর ট্রাকের ড্রাইভার-খালাসিও আগুন দেখতেই গাড়ি থামিয়ে লাফিয়ে পালিয়ে যায়। গাড়িগুলো চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।"

উদ্ধারকাজ ও যান চলাচল স্বাভাবিক

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুটি গাড়িরই সামনের অংশ ও ইঞ্জিন সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরবঙ্গের দুর্ঘটনা ও ব্রেকিং খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সাংবাদিক অমিত বনিক

সাংবাদিক - অমিত বনিক

জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code