West Bengal Budget 2026: লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের জন্য বড় ‘সুখবর’? শেষ অধিবেশনে চমকের অপেক্ষায় বাংলা
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ বাজেট। যদিও এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, বরং ‘ভোট অন অ্যাকাউন্ট’ (Vote on Account), তবুও সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল—সকলের নজর আজকের এই অধিবেশনে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর আড়াইটেয় বাজেট পেশ করবেন, যাতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি কর্মীদের জন্য বিশেষ ‘সুখবর’ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
বাজেটে কী কী চমক থাকতে পারে? শাসকদল সূত্রে খবর, নির্বাচনের আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ‘জনমুখী’ বাজেট পেশ করতে চলেছে রাজ্য।
অন্যান্য খাত: সামাজিক নিরাপত্তা, কৃষি, বাংলার বাড়ি, গ্রামীণ উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) জন্য বরাদ্দ বাড়তে পারে। অর্থমন্ত্রী চন্দ্রিমার ঝুলিতে নারী ও শিশু উন্নয়নের জন্যও বিশেষ চমক থাকার সম্ভাবনা রয়েছে।
আজকের বিধানসভার সময়সূচি: আজকের দিনটি বিধানসভার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সূচি অনুযায়ী:
- বেলা ১২:৩০: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে।
- দুপুর ১:৩০: মুখ্যমন্ত্রীর ঘরে বসবে বিশেষ ক্যাবিনেট বৈঠক। সেখানেই ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট পাস করানো হবে। এরপর বসবে শিল্প বিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক।
- দুপুর ২:৩০: অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন।
এই পুরো সময়কালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকবেন।
বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ না দিলেও বিজেপি বিধায়করা আনন্দপুর অগ্নিকাণ্ড এবং গোলপার্কে বোমাবাজির ঘটনা নিয়ে অধিবেশনে তুমুল বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসও পালটা রণকৌশল সাজিয়েছে। পরিষদীয় দল সূত্রে খবর, দলের ২১৭ জন বিধায়ককেই অধিবেশনের প্রতিটি দিন শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং হাজিরা খাতা খতিয়ে দেখতে পারেন।
বিধানসভা সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টায় এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের হেনস্তার ইস্যুতে ১৬৯ নম্বর মোশনে প্রস্তাব পেশ করবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আলোচনায় মুখ্যমন্ত্রী অংশ নিতে পারেন। এরপর রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক হবে। সোমবার, বিধানসভার শেষ দিনে ভোট অন অ্যাকাউন্ট নিয়ে দু’ঘণ্টার বিতর্কে অংশ নিয়ে জবাবি ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে, নির্বাচনের আগে এই ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট রাজ্য রাজনীতির মোড় ঘোরাতে পারে কি না, সেটাই এখন দেখার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ