চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রায় ১ কোটি নাম বাদ যাওয়ায় ভোটমুখে চাপে সরকার!
সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) অর্চনা পট্টনায়ক তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। আর এই তালিকা প্রকাশ পেতেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারণ, সংশোধনের পর তালিকা থেকে প্রায় ৯৭ লক্ষেরও বেশি (প্রায় ১ কোটি) ভোটারের নাম বাদ পড়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজ্যের শাসক দল ডিএমকে (DMK) বা এম. কে. স্ট্যালিন সরকার বেশ চাপে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে গত ২৭ অক্টোবর তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ। তালিকা সংশোধনের খসড়া পর্যায়ে মৃত, স্থানান্তর এবং দ্বৈত ভোটারের কারণে প্রায় ৯৭ লক্ষ ৩৭ হাজার নাম বাদ দেওয়া হয়। পরবর্তীতে গত ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তির ভিত্তিতে ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন যোগ্য ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে এবং আরও ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য নাম বাদ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বর্তমানে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ৭ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ৯২৫ জন এবং মহিলা ভোটার ২ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৮৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬১৭ জন।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, চেঙ্গালপাট্টু জেলার শোলিঙ্গানাল্লুর (Sholinganallur) বিধানসভা কেন্দ্রে রাজ্যের সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৩৬ হাজার ৯৯১। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছেন চেন্নাইয়ের হারবার (Harbour) কেন্দ্রে, যেখানে ভোটারের সংখ্যা মাত্র ১ লক্ষ ১৬ হাজার ৮৯৬ জন।
ভোটের মুখে এত বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই প্রশ্ন তুলেছিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে (DMK)। তাদের অভিযোগ, এই প্রক্রিয়া তড়িঘড়ি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, বিরোধী দল এআইএডিএমকে (AIADMK) এবং বিজেপি নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিরোধীদের দাবি, এই সংশোধনের ফলে স্বচ্ছতা এসেছে এবং শাসক দলের ভুয়া ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ায় তাদের অস্বস্তি বেড়েছে। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সংশোধিত ভোটার তালিকা তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
সাংবাদিক-সম্রাট দাস
মূলত ২০০৯ সাল থেকেই বিভিন্ন সংবাদ পত্রে লেখালেখি শুরু। ২০১৭ সালে সংবাদ একলব্যের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে সংবাদ একলব্যে অবৈতনিক সাংবাদিকতার সাথে যুক্ত।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊