নদীর চরে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, এলাকায় তীব্র উত্তেজনা, অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি
জলপাইগুড়ি: নদীর চরে নিজেদের গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। এই নক্কারজনক ঘটনার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান পাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই গৃহবধূ তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন। অভিযোগ, চরের নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক পিছন থেকে এসে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এক ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতিতাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তবে সেখানে অভিযুক্ত বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। রাতেই কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তদন্তের স্বার্থে রাতেই পুলিশ অভিযুক্ত যুবকের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
নির্যাতিতার স্বামী জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক খারাপ কাজের অভিযোগ রয়েছে। তিনি দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের নেতারাও নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং পুলিশের কাছে দোষীর দ্রুত গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ