Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা কোচবিহারের এই স্কুলের
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কোচবিহারের তুফানগঞ্জ। পরীক্ষা চলাকালীনই স্কুল চত্বরে মিড-ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় প্রাণে বাঁচল ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রায় ২০০ জন পরীক্ষার্থী।
জানা গিয়েছে, সোমবার ওই স্কুলে শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছিল। সেই সময় স্কুলের নির্দিষ্ট জায়গায় মিড-ডে মিল রান্নার প্রস্তুতিও নিচ্ছিলেন রাঁধুনিরা। হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যে সিলিন্ডারটিকে গ্রাস করে ফেলে। বিপদ বুঝে তড়িঘড়ি জ্বলন্ত সিলিন্ডারটি রান্নাঘর থেকে বের করে স্কুলের খোলা মাঠে ফেলে দেওয়া হয়। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে শ্রেণিকক্ষ-সহ গোটা স্কুল চত্বর। আচমকা এই শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার হলে থাকা প্রায় ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুলের গেটের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে আসেন। মুহূর্তের জন্য চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দ্রুত পরীক্ষার্থীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আতঙ্ক কাটিয়ে কিছুক্ষণ পরেই ফের পরীক্ষা দিতে শুরু করে পড়ুয়ারা।
এদিকে, এত বড় দুর্ঘটনার খবর দ্রুত পৌঁছায় মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। পরীক্ষা চলাকালীন কীভাবে এমন ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্ষদের আধিকারিকরা ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। বড়সড় প্রাণহানি না ঘটলেও, পরীক্ষার দিনে এমন ঘটনায় নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবাচ্ছে প্রশাসনকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ