‘ফ্লাইং কিস’ বিতর্কে চর্চায় রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী
আবারও ‘ফ্লাইং কিস’ বিতর্কে চর্চায় অশোকনগরের রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী! আর এভাবেই লক্ষ্মীর ভান্ডার-এর সাফল্য উদ্যাপনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
জানা গিয়েছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল তিন নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ‘ফ্লাইং কিস’ দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত।
বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তাঁর দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরিচি কর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগর বাসি আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না বলেই কটাক্ষ করেন এই বিরোধী নেতা। জনপ্রতিনিধির আচরণে সংযম থাকা উচিত বলেও মন্তব্য করছেন অনেকে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছিল। ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর। এখন দেখার, এই ঘটনায় শাসকদল বা সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে কী ব্যাখ্যা তুলে ধরা হয় ভোট বৈতরণীর পার হওয়ার আগে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊