দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে পঞ্চ শহীদ দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল পঞ্চ শহীদ দিবস। দুপুর প্রায় তিনটে নাগাদ দলের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন চড়ক মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা মিছিল করে দিনহাটা মহকুমাশাসকের দপ্তরের সামনে পৌঁছন। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতা গোবিন্দ রায়, দলের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, আব্দুর রউফ, দীপক সরকার, শ্যামল ধরসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি শহীদ পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি একাধিক দাবিকে সামনে রেখে দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে পাঁচজন ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। মৃতরা হলেন প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরোদ রায় এবং নিরেন হালদার। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে ওই আন্দোলন সংগঠিত হয়েছিল।
ঘটনার পর থেকেই প্রতিবছর সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে আসছে। সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শ ও আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয় বলেও জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ